তিন মন্ত্রীর সমালোচনায় সেক্টর কমান্ডারস ফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের তিন মন্ত্রীর কড়া সমালোচনা করলেন সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা। পঁচাত্তরের ১৫ আগস্ট-পরবর্তী ভূমিকার জন্য পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং তুবা গার্মেন্টস ইস্যুতে মালিকের পক্ষে অবস্থান নেওয়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের সমালোচনা করা হয়।

আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘স্বাধীনতার চার দশকে আমাদের প্রত্যাশিত প্রাপ্তি—অমার্জনীয় ব্যর্থতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, ঢাকা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকার ও আওয়ামী লীগের ভেতর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারীরা অবস্থান করছেন বলেও মন্তব্য করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ।

সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রসচিব মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সংসদে আনোয়ার হোসেন মঞ্জুর একটি আসন থাকার পরও তিনি কীভাবে মন্ত্রী হন?’  তুবা গার্মেন্টস নিয়ে সাম্প্রতিক সময়ে মালিকের পক্ষে অবস্থান নেওয়ায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানেরও সমালোচনা করেন তিনি।

এই বক্তব্যের পর সেক্টরস কমান্ডারস ফোরামের আরেক ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর সফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়। উপ-সেনাপ্রধানের পদ না থাকার পরও বঙ্গবন্ধুর একান্ত স্বজনদের সুপারিশেই জিয়াউর রহমানকে ওই পদে বসানো হয়। এভাবে বর্তমান সরকারের শাসনেও বিশিষ্ট লোকেরা এসেছে। সরকারের প্রতিটি স্তরে জামায়াতের লোকেরা ঢুকে পড়েছে।’

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ অভিযোগের সঙ্গে একমত প্রকাশ করেন কে এম সফিউল্লাহ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত। এর মধ্যে কোনো ভুল নেই। বঙ্গবন্ধু হত্যার সঙ্গে প্রথমে জড়িত মোশতাক, এর পর জিয়াউর রহমান।’