তিন মামলায় মির্জা ফখরুলের জামিন আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানো, ভাঙচুরসহ নাশকতার অভিযোগে করা তিনটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রাষ্ট্রপক্ষের করা তিনটি পৃথক আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।
আদেশের পর খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এ তিন মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত মির্জা ফখরুলের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। পুলিশ প্রতিবেদন দিলে মির্জা ফখরুলকে বিচারিক আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তিনি আশা করেন, এ আদেশের মধ্য দিয়ে মির্জা ফখরুল কারাগার থেকে ছাড়া পাবেন।
১৮ জুন পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় মির্জা ফখরুলকে জামিন দেন হাইকোর্ট। বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত এ জামিন দেওয়া হয়। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। গত বৃহস্পতিবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ওই আবেদনের শুনানি শেষে গতকাল আদেশের জন্য ধার্য ছিল।
মির্জা ফখরুলের আইনজীবীরা জানিয়েছেন, পল্টন থানার আরও চার মামলায় মির্জা ফখরুল হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যদি আপিল বিভাগে না যায়, তবে মির্জা ফখরুলের কারাগার থেকে ছাড়া পেতে কোনো বাধা থাকবে না। গতকাল পর্যন্ত ওই চার মামলায় হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে কোনো আবেদন করেনি।
চলতি বছরের শুরুতে ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে কমর্সূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ নিয়ে রাজধানীর পল্টন ও মতিঝিল এলাকাসহ নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ সময় পল্টন ও মতিঝিল থানায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াতের অধর্শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও নাশকতার সাতটি মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়। সবগুলোতে তিনি শারীরিক অসুস্থতার কারণে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
গত ৬ জানুয়ারি মির্জা ফখরুল গ্রেপ্তার হন। ১৩ জুন কাশিমপুর কারাগার থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন।