তিন মাস পর বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা গত রাতে কাটা হয়েছে। গত ৩ জানুয়ারি রাতে ওই কার্যালয় থেকে পুলিশ দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা গত রাতে কাটা হয়েছে। গত ৩ জানুয়ারি রাতে ওই কার্যালয় থেকে পুলিশ দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে। পরে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় l ছবি: প্রথম আলো

তিন মাস তালাবদ্ধ থাকার পর অবশেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করলেন দলটির নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাত পৌনে আটটার দিকে কার্যালয়ের কলাপসিবল ফটকে ঝোলানো তালা কেটে তাঁরা ভেতরে ঢোকেন।
গত ৩ জানুয়ারি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কার্যালয় থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যালয় থেকে সবাইকে বের করে দিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয়। তখন থেকেই কার্যালয়টির সামনে সার্বক্ষণিকভাবে পুলিশি পাহারা ছিল।
গত শুক্রবার থেকে পুলিশকে সরিয়ে নেওয়ার পর গতকাল শনিবার রাত পৌনে আটটায় ফটকের তালা কেটে ভেতরে ঢোকেন বিএনপির ২৫-৩০ জন নেতা-কর্মী। তবে তালা খোলা নিয়ে বিএনপির নেতারা পল্টন থানা-পুলিশের সঙ্গে দেনদরবার করেন। কিন্তু পুলিশ তাতে রাজি হয়নি।
বিএনপির সূত্র জানায়, কার্যালয়ের সামনে থেকে হঠাৎ পুলিশ সরিয়ে নেওয়া নতুন কোনো ‘ফাঁদ’ কি না, তা নিয়ে নেতারা ভাবছিলেন। এ কারণে পুলিশের উপস্থিতি ছাড়া তিন মাস ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়ের তালা খোলাকে ঝুঁকি মনে করছিলেন বিএনপির নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম গতকাল সোয়া চারটার দিকে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ কার্যালয়ে তালা মারার পর তিন মাস এর নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। এর ভেতরে কোথায় কি আছে, না আছে আমরা জানি না। এ কারণে আমরা চাচ্ছি, পুলিশ এবং সাংবাদিকদের উপস্থিতিতে কার্যালয়ে ঢুকতে। কিন্তু পুলিশ রাজি হচ্ছে না।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন একটি চাবি দিয়ে তালা খোলার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর মোহসীন হোসেন নামে বিএনপির কার্যালয়ের একজন কর্মচারী হ্যাচকো ব্লেড দিয়ে তালা কেটে কার্যালয়ে ঢোকেন। নেতারা কার্যালয়ে ঢুকবেন, এমন সংবাদ পেয়ে বিকেল থেকেই সেখানে জড়ো হন সংবাদকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে ১৫-২০ জন নেতা-কর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে লাইন ধরে দাঁড়ান। তখন গণমাধ্যমের চিত্রগ্রাহকেরা তাঁদের ছবি তোলেন। তখন কার্যালয়ের অদূরে কয়েকজন পুলিশ সদস্যকে ঘোরাঘুরি করতে দেখা যায়। নেতা-কর্মীরা চলে যাওয়ার পর সন্ধ্যা সাতটা পর্যন্ত বিএনপির আর কাউকে কার্যালয়ের সামনে দেখা যায়নি।
কার্যালয়ের ভেতরে গিয়ে দেখা যায়, ধুলায় ছেয়ে গেছে সব আসবাবপত্র। ধুলা ঝেড়ে সোফায় বসেন বিএনপির নেতা-কর্মীরা। ভেতরে ছিল না কোনো বিদ্যুৎ। নেতা-কর্মীরা মুঠোফোনের আলো জ্বালিয়ে অন্ধকার দূর করার চেষ্টা করে যাচ্ছিলেন। ছিল গণমাধ্যমের ক্যামেরার ফ্লাশ লাইট। ওই আলোতেই কোনোমতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম। তিনি বলেন, আপনারা দেখছেন, ভেতরে অবস্থানের মতো এখনো পরিবেশ নেই। ধুলাবালি ভরে গেছে। বিদ্যুৎ, গ্যাস ও পানির লাইনও বন্ধ।