তিন মাসের কমিটিতে ছয় বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

আহ্বায়ক কমিটি ছয় বছর পার করেছে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় নেতা-কর্মীরা পাঁচটি ভাগে বিভক্ত হয়ে কোন্দলে জড়িয়ে পড়েছেন। এ অবস্থায় নাজুক হয়ে পড়েছে সংগঠনটি

তিন মাসের জন্য গঠিত পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ছয় বছর পার করেছে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করায় নেতা-কর্মীরা পাঁচটি ভাগে বিভক্ত হয়ে কোন্দলে জড়িয়ে পড়েছেন। এ অবস্থায় নাজুক হয়ে পড়েছে সংগঠনটি।

এ ছাড়া পিরোজপুর সদর উপজেলা, পিরোজপুর পৌর ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে অনেক আগে। প্রায় এক যুগ আগে গঠন করা ওই তিনটি কমিটির কোনো কার্যক্রম এখন আর নেই।

দলীয় সূত্র ও ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, ২০০২ সালে জেলা ছাত্রদলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসানুল কবির সভাপতি, শেখ রিয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক ও মীর মেজবাউদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালের অক্টোবরে শহিদুল ইসলাম আহ্বায়ক এবং আসাদুজ্জামান, মারুফ হাসান, রেজাউল ইসলাম, এমদাদুল হক ওরফে মাসুদ, সাইদুর রহমান ওরফে মুরাদ ও কাজী কামালকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। আহ্বায়ক কমিটি গঠনের পর কয়েক মাস সাংগঠনিক কার্যক্রমে নেতা-কর্মীরা তৎপর ছিলেন। পরে আহ্বায়ক ও কয়েকজন যুগ্ম আহ্বায়ক কোন্দলে জড়িয়ে পড়লে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বর্তমানে জেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাঁচটি ভাগ স্পষ্ট রয়েছে। আহ্বায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এক পক্ষ, যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান শেখ ওরফে রুবেল পৃথক তিনটি পক্ষের নেতৃত্বে রয়েছেন। ২০১৫ সালের অক্টোবরে যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যান। কাজী কামালের বাড়ি নেছারাবাদ উপজেলায় হওয়ায় তিনি জেলা ছাত্রদলের কোনো কর্মসূচিতে অংশ নেন না।

এদিকে ২০০৩ সালে মহাসিন হাওলাদার সভাপতি ও মো. রানাকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। ওই সময়ে সোহেল হাওলাদার সভাপতি ও হাসান আল মামুনকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর পৌর ছাত্রদলের কমিটি এবং শাহনেওয়াজ শিকদার সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। তবে গত এক যুগেও ওই কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হয়নি। পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মহাসিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রানা কয়েক বছর ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়। তাঁরা ঢাকায় চাকরি করছেন। পৌর ছাত্রদলের সভাপতি সোহেল হাওলাদারও ঢাকায় চাকরি করেন। পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজ শিকদার রাজনীতিতে নিষ্ক্রিয়। ফলে উপজেলা, পৌর ও কলেজ কমিটির কার্যক্রম না থাকায় ইউনিট কমিটিগুলো করা হয়নি।

ছাত্রদলের জেলা ও পৌর শাখার ২২ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা ছাত্রদলের নেতারা তাঁদের অনুসারীদের নিয়ে আলাদা আলাদা পক্ষ গড়ে তুলে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তবে কোনো পক্ষই তেমন একটা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে না। মাঝেমধ্যে কয়েকজন নেতা-কর্মী নিয়ে ঝটিকা মিছিল ছাড়া কার্যত তাঁদের বড় ধরনের কোনো দলীয় কর্মসূচি পালন করতে দেখা যায়নি। এ ছাড়া ছাত্রদলের জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের বয়স ৩৬ থেকে ৪৩ বছর। তাঁদের কারও ছাত্রত্ব নেই। উপজেলা ও পৌরসভা কমিটির বেশির ভাগ নেতা-কর্মী বিয়ে করে কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে চাকরি ও ব্যবসা করছেন। কেউ কেউ সৌদি আরবসহ বিভিন্ন দেশে রয়েছেন। বয়স্ক ও কর্মজীবী ব্যক্তিরা দলে তেমন একটা সময় দেন না। এর ফলে সংগঠনের কার্যক্রমে গতি নেই।

পিরোজপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান শেখ ওরফে রুবেল বলেন, ‘দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। জেলা কমিটির আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দলীয় কর্মসূচিতে তেমন অংশ নেন না। আমরা জেলা ছাত্রদলের নেতাদের সহযোগিতা ছাড়াই দলীয় কর্মসূচি পালন করছি। দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে কারাভোগ করেছি। ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে জেলাসহ অন্যান্য কমিটি গঠন করা হলে দল চাঙা হবে।’

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান বলেন, ‘জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় আছেন। তাঁদের ব্যর্থতার কারণে পিরোজপুর সদর উপজেলা, পিরোজপুর পৌর ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। আমরা আন্দোলন-সংগ্রামে মাঠে রয়েছি। মামলার আসামি হয়েছি।’

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক বলেন, ‘জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দলীয় কর্মসূচি ও সরকারবিরোধী আন্দোলনে অংশ নেন না। তাঁদের দুজনের বিরুদ্ধে একটি মামলাও নেই। আমার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। গত আট বছরে ১০ বার কারাবরণ করেছি। মামলার কারণে বাবার জানাজাও পড়তে পারিনি।’ তিনি আরও অভিযোগ করেন, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁর পরিবারকে সহযোগিতা করার জন্য ছাত্রদলের বিভিন্ন উপজেলার নেতা-কর্মীরা ৬৫ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছিলেন। আহ্বায়ক শহিদুল ইসলাম ওই টাকা আত্মসাৎ করেছেন।’

আসাদুজ্জামান ও সাইদুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে আসাদুজ্জামান ফোন ধরেননি। সাইদুর রহমানের ফোন বন্ধ পাওয়া গেছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘জেলা ছাত্রদলের নেতাদের মধ্যে কোনো কোন্দল নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে। তিনি টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।’

তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, রেজাউলের পরিবারকে টাকাটা দেওয়ার জন্য শহিদুল ইসলামকে বলা হলেও তিনি দেননি।

পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় ছাত্রদলের মধ্যে কয়েকটি পক্ষ রয়েছে। যথাসময়ে কমিটি গঠন করা হলে এ বিভক্তি থাকত না। ছাত্রদলের জেলা নেতাদের মধ্যে বিভক্তির কারণে সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে।