তিন মাসের কমিটিতে সাড়ে চার বছর পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা ছাত্রদলের তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি সাড়ে চার বছর পার করেছে। দীর্ঘদিন ধরে কমিটি গঠন করা না হওয়ায় নেতারা চারটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন। এক যুগের বেশি পুরোনো কমিটি দিয়ে চলছে জেলার সাতটি উপজেলা ও তিনটি পৌরসভা কমিটি।
দলীয় সূত্র জানয়, ২০০২ সালে জেলা ছাত্রদলের সর্বশেষ সম্মেলন হয়। সম্মেলনে শেখ হাসানুল কবির সভাপতি, শেখ রিয়াজ উদ্দিন সাধারণ সম্পাদক ও মীর মেজবাউদ্দিন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০১০ সালের অক্টোবরে শহিদুল ইসলাম আহ্বায়ক এবং আসাদুজ্জামান, মারুফ হাসান, রেজাউল ইসলাম, এমদাদুল হক, মুরাদ মিয়া ও কাজী কামালকে যুগ্ম আহ্বায়ক করে তিন মাসের জন্য কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় কমিটি। ২০১১ সালের ২২ জানুয়ারি ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন পায়। এরপর জেলা কমিটি সাতটি উপজেলায় কমিটি গঠন করে। তখন উপজেলাগুলোতে নতুন কমিটি গঠন নিয়ে বিতর্ক দেখা দিলে কেন্দ্রীয় কমিটি কমিটিগুলোর কার্যক্রম স্থগিত করে। ২০০৩ ও ২০০৪ সালে করা কমিটি দিয়ে চলছে উপজেলা ও পৌর কমিটিগুলোর কার্যক্রম।
ছাত্রদলের জেলা ও উপজেলা কমিটিগুলোর ১৭ জন নেতা-কর্মী বলেন, জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বয়স ৩৫ থেকে ৪২ বছর। তাঁদের কারও ছাত্রত্ব নেই। উপজেলা ও পৌরসভা কমিটির বেশির ভাগ নেতা-কর্মী বিয়ে করে কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে চাকরি ও ব্যবসা করছেন। কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন।
ছাত্রদলের কয়েকজন নেতা বলেন, বর্তমানে জেলা ছাত্রদলে চারটি পক্ষ আছে। আহ্বায়ক শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান এক পক্ষ, যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক মুরাদ মিয়া পৃথক দুটি পক্ষের নেতৃত্বে আছেন। এই চারটি পক্ষই মাঝেমধ্যে ১০ থেকে ১৫ জনের ঝটিকা মিছিল করা ছাড়া আর বড় ধরনের কোনো দলীয় কর্মসূচি পালন করেনি।
জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘জেলা ছাত্রদলের নেতাদের মধ্যে কোন্দল নেই। আমরা ২০১১ সালে জেলার ইউনিটগুলো সাজাতে গিয়ে সাত উপজেলায় নতুন কমিটি করেছিলাম। স্থানীয় বিএনপির নেতাদের ওই কমিটিগুলো পছন্দ না হওয়ায় তাঁদের ষড়যন্ত্রে কেন্দ্রীয় কমিটি উপজেলা কমিটিগুলো স্থগিত করে দেয়।’ অভিযোগ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, উপজেলা ছাত্রদলের গঠন ও পুনর্গঠন করা কমিটিগুলো জেলা ছাত্রদলের নেতাদের কার্যকলাপের কারণে কেন্দ্রীয় কমিটি স্থগিত করেছে। দলের বিভক্তির কথা স্বীকার করে মারুফ হাসান বলেন, জেলা কমিটির কারণে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে।
পিরোজপুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে জেলাসহ সব ইউনিট কমিটি গঠন করা হলে দল চাঙা হবে।