তিন মেয়র প্রার্থীর বিরুদ্ধে নাশকতার ছয়টিসহ ২৩টি মামলা
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণকারী আওয়ামী লীগ, বিএনপি, বিদ্রোহীসহ তিন প্রার্থীর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের ছয়টিসহ মোট ২৩টি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মামলা থেকে তাঁদের খালাস ও ১১টি বিচারাধীন রয়েছে।
নির্বাচন কার্যালয়ে দাখিল করা হলফনামা সূত্রে এ তথ্য জানা যায়।
ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মেয়র এ জি এম বাদশা জগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে শরিফুল ইসলাম খানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের একটিসহ চারটি রাজনৈতিক মামলা বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।
এসব মামলার বিষয়ে শরিফুল ইসলাম খান বলেন, বিএনপির নেতৃত্বাধীন জোট ক্ষমতায় থাকাকালে তাঁর বিরুদ্ধে এসব মামলা হয়।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এ জি এম বাদশাহর বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ জি এম বাদশা বলেন, ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এসে তাঁর বিরুদ্ধে এসব মামলা দায়ের করেছে।
আলিমুদ্দিন হারুন মণ্ডলের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে তিনটিসহ মোট ১৫টি মামলা ছিল। এর মধ্যে নাশকতা ও বিস্ফোরক আইনে তিনটি মামলা হয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে। অন্য ১২টি মামলা হয়েছিল ১৯৯০ থেকে ২০০১ সালের মধ্যে। ওই সময় তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি বিএনপিতে যোগদান করেন। এরপর ওই ১২টি মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে বর্তমান সরকারের আমলে দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনে তিনটি মামলা বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে বিচারাধীন রয়েছে।
আলিমুদ্দিন হারুন মণ্ডল বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের দায়ের করা নাশকতা ও বিস্ফোরক আইনের তিনটি মামলা বিচারাধীন রয়েছে।