নেত্রকোনার কলমাকান্দা উপজেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান এ কমিটি ঘোষণা করেন। তিন বছর মেয়াদি এ কমিটির সভাপতি হয়েছেন মিজানুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন পলাশ কান্তি বিশ্বাস।
৩৫ বছর পর গত মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ত্রিবার্ষিক ওই সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।
কলমাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান সম্মেলনে সভাপতিত্ব করেন। উপজেলা যুগ্ম আহ্বায়ক পলাশ কান্তি বিশ্বাস এটি পরিচালনা করেন। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, জেলা পরিষদের সদস্য ইদ্রিস আলী তালুকদার, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহসম্পাদক শামছুল কবীর প্রমুখ। তখন কমিটি করা হয়নি।
গতকাল যুবলীগের জেলা কার্যালয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সহসভাপতি পদে মাসুদ রানা ও সোহেল রানা এবং যুগ্ম সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান ও নাজিউর রহমানের নাম উল্লেখ করা হয়।
জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান গতকাল প্রথম আলোকে বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।