বিএনপির ইতিহাস ইতিবাচক রাজনীতির পরিচয় বহন করে না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। তবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, খালেদা জিয়ার অঙ্গীকারকে সাধারণ মানুষ স্বাগত জানাবে।
গতকাল শনিবার বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দেওয়া খালেদা জিয়া তাঁর ভাষণে সুশাসন, সুনীতি, গণতন্ত্র, নির্বাচন ও সংলাপসহ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রস্তাব দেন।
দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠা ও প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনতে খালেদা জিয়ার অঙ্গীকার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, দলটি সংলাপ ও নির্বাচনে অংশ না নিয়ে যে ভুলের চোরাবালিতে আটকে গেছে, সেখান থেকে আগে বের হোক। তারপর অন্য স্বপ্ন দেখুক। তিনি বলেন, এখন দলটি ঘুরে দাঁড়াতে বা গণতন্ত্র উদ্ধার করতে যদি গত বছরের মতো পেট্রলবোমা নিক্ষেপ ও মানুষ পুড়িয়ে মারার দিকে আবার ফিরে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে বলার কিছু নেই। তবে সেই নাশকতা ও নৈরাজ্য আর করতে পারবে না।
যোগাযোগমন্ত্রী আরও বলেন, বিএনপির ইতিহাস ইতিবাচক রাজনীতির পরিচয় বহন করে না। তারপরও তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হলে তা তো দেখাই যাবে। তিনি আরও বলেন, ‘দলটির রাজনীতিতে গুণগত পরিবর্তনের আভাস দেখি না। কারণ, বিএনপি এখনো বিদেশিদের কাছে নালিশনির্ভর ও দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনকেন্দ্রিক কর্মকাণ্ডে আটকে আছে।’
তবে জি এম কাদের প্রথম আলোকে বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে হতাশা আছে। মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, সেটি স্থানীয় নির্বাচন থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত সব স্তরেই। খালেদা জিয়া মানুষের সেসব দাবি পূরণে অঙ্গীকার করেছেন। এই বক্তব্যকে মানুষ স্বাগত জানাবে। কারণ এগুলো মানুষের মনের কথা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সুশাসন, দলীয়করণমুক্ত প্রশাসন, কালাকানুন বাতিল, ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ যেসব বিষয়ে বেগম জিয়া বক্তব্য রেখেছেন, সেগুলোর প্রায় সবই নব্বইয়ের তিন জোটের রূপরেখায় ছিল। একানব্বইয়ে ক্ষমতায় গিয়ে তিনিই প্রথম সেগুলো উল্টে দেন। তিনি সব ক্ষেত্রে কেবল দলীয়করণই করেননি, মাগুরা ও মিরপুরের উপনির্বাচন করে নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস করে দেন। আর ২০০১ সালে ক্ষমতায় গিয়ে তিনি সুনীতি ও সুশাসন বিদায় করে হাওয়া ভবনে দুর্নীতির ঠিকানা গড়ে তোলেন।
খালেদা জিয়া জঙ্গিবাদ ও মৌলবাদ নিয়ে শক্তভাবে কিছু না বলায় সমালোচনা করেন রাশেদ খান মেনন।