তিন সংস্থাকে ১৩৬ কোটি টাকা অনুদান বিএবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের প্রতিনিধিদের কাছ থেকে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অনুদানের চেক গ্রহণ করেন l ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে গতকাল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের প্রতিনিধিদের কাছ থেকে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অনুদানের চেক গ্রহণ করেন l ফোকাস বাংলা

সমাজকল্যাণ ও শিক্ষা খাতে এবং প্রতিবন্ধীদের সহযোগিতার জন্য তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১৩৬ কোটি ২০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি)। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৭টি ব্যাংকের প্রতিনিধিদের উপস্থিতিতে তাঁদের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।
অনুদান পাওয়া সংস্থাগুলো হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড এবং সূচনা ফাউন্ডেশন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন প্রতিবন্ধীদের সাহায্যার্থে সূচনা ফাউন্ডেশন পরিচালনা করেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক সর্বোচ্চ ১৫ কোটি, ন্যাশনাল ব্যাংক ৬ কোটি, ৯টি ব্যাংক ৫ কোটি করে এবং অন্যান্য ব্যাংক ৪ কোটি টাকা করে অনুদান দিয়েছে।
ব্যাংকগুলো দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করায় প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁর সরকার শিক্ষা ব্যয়কে সবার নাগালের মধ্যে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে শিক্ষায় সহায়তা প্রদানের জন্যই সরকার শিক্ষা ট্রাস্ট ফান্ড গঠন করেছে।
পরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীন ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প সংস্থার একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডে ২৯ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা অনুদান প্রদান করে।