তিন সাংসদ তিন ধারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগের তিন সাংসদ। এই তিনজনকে কেন্দ্র করে দলে তিনটি ধারা সক্রিয় বলে নেতা-কর্মীরা জানান। অবশ্য দলের জেলা কার্যালয় সব সময় সরগরম থাকে।
দলীয় সূত্র জানায়, জেলায় দীর্ঘদিন ধরে দল দুটি ধারায় বিভক্ত ছিল। একটি ধারায় আছেন জেলা কমিটির সভাপতি লালমনিরহাট-১-এর সাংসদ মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সফুরা বেগম রুমি। অন্য ধারায় আছেন লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ওরফে স্বপন। সম্প্রতি লালমনিরহাট-২ আসনের সাংসদ নুরুজ্জামান আহমেদ খাদ্য প্রতিমন্ত্রী হওয়ার পর তাঁকে ঘিরে আরেকটি ধারা তৈরির আভাস পাওয়া যাচ্ছে।
২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে মোতাহার হোসেনকে সভাপতি, জেলা পরিষেদর প্রশাসক মতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক এবং আবু সালেহ মো. সাঈদকে কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য ঘোষণা করা হয়। দুই মাস পর ৭১ সদস্যের কমিটি অনুমোদন পায়।
শহরের থানা রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয় নিয়মিত খোলা থাকে। গভীর রাত পর্যন্ত সেখানে নেতা-কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রায় নিয়মিত কার্যালয়ে বসেন। তবে তাঁর সমালোচকদের অভিযোগ, তিনি এই দপ্তরকে ব্যক্তিগত চেম্বারে পরিণত করেছেন। তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নই, জেলা পরিষদ প্রশাসক এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি। আমার কাছে সবাই আসে, আমি সবার জন্য কাজ করি।’
দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের মাসিক সভা প্রতি মাসের (ব্যতিক্রম বাদে) দ্বিতীয় সপ্তাহের প্রথম শনিবার অনুষ্ঠিত হয়। মাসিক সভা ছাড়া সভাপতি মোতাহার হোসেন দলীয় কার্যালয় বা জেলা শহরে তেমন একটা আসেন না। তিনি বেশির ভাগ সময় ঢাকায় এবং এর বাইরে তাঁর নির্বাচনী এলাকার হাতীবান্ধার বাড়িতে থাকেন।
নেতা-কর্মীরা অভিযোগ করেন, দলাদলিসহ নানা কারণে কোণঠাসা বা নিষ্ক্রিয় আছেন দলের অনেক নেতা-কর্মী। এঁরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সামসুল ইসলাম সরকার, সাবেক ত্রাণ সম্পাদক খোরশেদ আলম দুলাল, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক হাতীবান্ধার আলী আক্তার গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কালীগঞ্জের আজিজার রহমান, পাটগ্রামের সরকারের হাটে মকবুল হোসেন এবং লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক।
অবশ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, দল এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। তবে পদ বা পদবি নিয়ে প্রতিযোগিতা থাকায় কখনো কখনো নানান পরিস্থিতির সৃষ্টি হয়। যেকোনো বড় দলে এমন হতে পারে। তিনি বলেন, কাউকে নিষ্ক্রিয় করা হয়নি, সবার কাজ করার সুযোগ রয়েছে, তবে যাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে কখনো কখনো ব্যবস্থা নেওয়ার দরকার হয়ে পড়ে।
লালমনিরহাট-৩ আসনের সাংসদ আবু সালেহ মো. সাঈদ দুলাল বলেন, ‘আমি এলাকার উন্নয়নে কাজ করছি, আরও করতে চাই। কিন্তু দলের কেউ কেউ হয়তো সেটা চান না। তবে প্রকাশ্যে কেউ আমার বিরোধিতা করেননি, আমি তেমন কাজও করিনি।’ আবু সালেহ মো. সাঈদ জেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য। তিনি জাতীয় চার নেতার একজন শহীদ কামরুজ্জামানের জামাতা। তিনি স্বজ্জন ও সহজ-সরল মানুষ হিসেবে পরিচিত।
এর আগে আবু সালেহ মো. সাঈদ লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০১২ সালে ওই কমিটি বিলুপ্ত করা হলেও সভাপতি ও সম্পাদকের পদ নিয়ে ব্যাপক মতপার্থক্য থাকায় একাধিকবার চেষ্টা করেও ওই কমিটি গঠন করা যায়নি। লালমনিরহাট সদর উপজেলায় দলের কমিটি নেই তিন বছর।
লালমনিরহাট-২ আসনের সাংসদ ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ দলে তাঁকে ঘিরে নতুন বলয় তৈরি প্রসঙ্গে বলেন, ‘আমি আগে সাংসদ ছিলাম, এখন মন্ত্রী হয়েছি। স্বাভাবিকভাবেই আমাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তবে আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।’
নারী সাংসদ সফুরা বেগম রুমি বলেন, ক্ষমতাসীন দলের অনেক সম্ভাবনার পাশাপাশি কিছু কিছু সংকট বা সমস্যা থাকে। আলাপ-আলোচনা করে এসবের সমাধান করলে দল গণতন্ত্রের পথে এগিয়ে যায়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগও সেই চেষ্টা করছে।