ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিন সাংসদের নিজ ইউপিতেই নৌকা ডুবেছে। সেখানে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। পরাজিত প্রার্থীদের অভিযোগ, সাংসদেরাই স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাঁদের হারিয়েছেন।
এই তিনটি ইউপি হলো দাউদকান্দি উপজেলার গোয়ালমারী, দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ও মুরাদনগর উপজেলার ধামঘর। এই তিনটি ছাড়া ষষ্ঠ ধাপের নির্বাচনে আরও আটটি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও দলীয় নেতাদের অন্তঃকোন্দলের কারণেই এই ভরাডুবি বলে স্থানীয় মানুষজন মনে করছেন।
অন্যদিকে বিএনপির ঘাঁটি বলে পরিচিত দাউদকান্দি, মুরাদনগর ও নাঙ্গলকোটের ৩৪টি ইউপির মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের লোকজন কারচুপি করে তাদের দলীয় প্রার্থীদের হারিয়েছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১২টি ইউপির মধ্যে আটটিতেই জয়ী হয়েছে নৌকা। তবে স্থানীয় সাংসদ সুবিদ আলী ভুঁইয়ার নিজ ইউনিয়ন গোয়ালমারীতেই আওয়ামী লীগের প্রার্থী জসিম হাসান পরাজিত হয়েছেন। এখানে ৬১৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সুবিদ আলী ভুঁইয়ার ভাতিজা বিদ্রোহী প্রার্থী নূর-এ আলম।
জসিম হাসান রোববার প্রথম আলোকে বলেন, ‘সাংসদ সুবিদ আলী ভুঁইয়া ও তাঁর ছেলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কোনোভাবেই চাননি আমি এখানে জয়ী হই। কারণ, তাঁরা নিজেদের পরিবারের মধ্যেই রাজনীতি রাখতে চান।’
তবে মোহাম্মদ আলী এই অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পরাজিত প্রার্থীরা এই ধরনের অভিযোগ করেই থাকেন। বাস্তবতা হলো দাউদকান্দিতে সব সময় সুষ্ঠু নির্বাচন হয়। সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির একজন প্রার্থী একটি ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন।’
দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউপি নির্বাচনে ৯৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে ডুবেছে নৌকা। এখানে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল চাইছিলেন না আমি এখানে মনোনয়ন পাই। শেষ পর্যন্ত আমি যখন মনোনয়ন পেলাম তখন নানাভাবে ষড়যন্ত্র শুরু হলো। ভোটের আগের দিন আমার বাড়িতে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাঙচুর করল। আমার লোকদের মারধর করা হলো। সাংসদ প্রশাসনের লোকজনকে ব্যবহার করে নৌকাকে ডুবিয়েছেন।’
তবে স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল এসব অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।
মুরাদনগরের ২০টি ইউপিতে শেষ ধাপে নির্বাচন হয়েছে। এর মধ্যে ১৬টিতে আওয়ামী লীগ জিতেছে। তবে স্থানীয় সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের নিজ ইউপি ধামঘরে আওয়ামী লীগের প্রার্থী বসির আহম্মদ পরাজিত হয়েছেন। বসির প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় সাংসদ এখানকার বিদ্রোহী প্রার্থী আবুল হাসেমকে সমর্থন দিয়েছেন। তিনি প্রশাসন দিয়ে প্রভাব বিস্তার করে নৌকার সমর্থকদের মাঠে নামতে দেননি।’
ধামঘর ছাড়াও ছালিয়াকান্দি, নবীপুর পূর্ব, শ্রীকাইল, বাঙ্গুরা পূর্ব ও পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। পরাজিত প্রার্থীরা অভিযোগ করেছেন, স্থানীয় সাংসদ এসব ইউনিয়নে প্রকাশ্যে নৌকার প্রার্থীদের সমর্থন দিলেও তলে তলে বিদ্রোহীদের সমর্থন দিয়েছেন। তবে সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুনের সঙ্গে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। মুঠোফোনে বার্তা পাঠালেও জবাব দেননি। ইউসুফ আবদুল্লাহ হারুন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকলেও গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছেন।