তিন সাংসদের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজ বুধবার দুঃখ প্রকাশ করলেন ক্ষমতাসীন দলের তিন সাংসদ এম এ মালেক (ঢাকা-২০), শফিকুল ইসলাম (নাটোর-২) ও শওকত হাচানুর রহমান (নাটোর-২)। একই সঙ্গে তাঁরা ভবিষ্যতে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন।

আচরণবিধি অনুযায়ী, সাংসদেরা পৌরসভা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না। কিন্তু এই তিন সাংসদ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ এলাকার সরকারদলীয় প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। এ জন্য গত রোববার কমিশন তিন সাংসদকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়। জবাবে তিন সাংসদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে কমিশনকে চিঠি দিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তিনজন সাংসদ দুঃখ প্রকাশ করেছেন। সচিব আরও বলেন, মন্ত্রী ও সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন, সে জন্য মন্ত্রিপরিষদ সচিব এবং সংসদ-বিষয়ক সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

নোটিশের জবাবে শফিকুল ইসলাম বলেন, ৩ ডিসেম্বর ব্যক্তিগত কাজে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যাই এবং জেলা প্রশাসকের সঙ্গে তাঁর অফিসে অবস্থান করছিলাম। কাজ শেষে জেলা প্রশাসকের কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় নাটোর পৌরসভার মেয়র প্রার্থী উমা চৌধুরী মনোনয়নপত্র দাখিল করতে গেলে দলীয় নেতা-কর্মীদের অনুরোধে রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান করি।

শওকত হাচানুর রহমান কমিশনে গিয়ে নোটিশের জবাব দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি অনিচ্ছাকৃত ভুল ছিল। হেলিকপ্টার নিয়ে নির্বাচনী এলাকায় যাওয়া যাবে না, তা আমার জানা ছিল না।’