তিন সিটি নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মোসাদ্দেক হো‌সেন (ওপরের বাম থেকে), মজিবর রহমান সরোয়ার, আরিফুল হক চৌধুরী, খায়রুজ্জামান লিটন (নিচের বাম থেকে), সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বদরউদ্দিন আহমদ কামরান
মোসাদ্দেক হো‌সেন (ওপরের বাম থেকে), মজিবর রহমান সরোয়ার, আরিফুল হক চৌধুরী, খায়রুজ্জামান লিটন (নিচের বাম থেকে), সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বদরউদ্দিন আহমদ কামরান
  • ২৬ জুন গাজীপুর সিটিতে ভোট।
  • রাজশাহী, সিলেট ও বরিশালে ভোট ৩০ জুলাই।
  • ২০১৩ সালের ভোটে চার সিটিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন।
  • ফল দেখিয়ে দেশে-বিদেশে বিএনপি প্রচার করেছিল যে তারা জনপ্রিয় দল।
  • এবার নিজেরা জয়ী হয়ে জনপ্রিয়তা দেখাতে চায় আওয়ামী লীগ।

আসন্ন চার সিটি করপোরেশনের নির্বাচনী মাঠে নেমে কঠিন চ্যালেঞ্জ টের পাচ্ছে আওয়ামী লীগ। বরিশালে জনপ্রিয় প্রার্থী পাওয়া যাচ্ছে না। সিলেটে অভিজ্ঞ প্রার্থী থাকলেও জয় নিয়ে আছে সংশয়। গাজীপুরে দলীয় কোন্দল পুরোপুরি নিরসন হবে কি না, তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। একমাত্র রাজশাহীতে দলীয় প্রার্থী, প্রতিপক্ষ ও মাঠের চিত্র বিবেচনায় স্বস্তিতে আছে সরকারি দল।

এই পরিস্থিতিতে ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে। আর রাজশাহী, সিলেট ও বরিশালে ভোট আগামী ৩০ জুলাই। ২০১৩ সালের ভোটে এই চার সিটিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছিলেন। এই ফল দেখিয়ে দেশে-বিদেশে বিএনপি প্রচার করেছিল যে তারা জনপ্রিয় দল।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র বলছে, এবার নিজেরা জয়ী হয়ে জনপ্রিয়তা দেখাতে চায় আওয়ামী লীগ। কিন্তু একসঙ্গে তিনটি সিটিতে ভোট হওয়া, দলের কোন্দল, শক্ত প্রতিপক্ষ-সব মিলিয়ে নীতিনির্ধারক পর্যায়ে দুশ্চিন্তা রয়েছে।

আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, খুলনা সিটির ভোটে তালুকদার আবদুল খালেকের জয়ের পর দলীয় নেতাদের ধারণা ছিল, অন্য সিটিতে এর প্রভাবে জয় এসে যাবে। কিন্তু সব দিক বিবেচনায় এখন সমীকরণ এতটা সহজ ঠেকছে না।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য ফারুক খান প্রথম আলোকে বলেন, তাঁর প্রত্যাশা নির্বাচন অংশগ্রহণমূলক হবে, ভোটও সুষ্ঠু হবে। এই দুটি নিশ্চিত হলে খুলনার মতোই মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করবে। তিনি বলেন, এসব সিটিতে অতীতে বিএনপির প্রার্থীরা মেয়র হয়ে দলীয় রাজনীতি করেছেন। আর আওয়ামী লীগের মেয়ররা অতীতে উন্নয়ন করেছেন।

আওয়ামী লীগের প্রার্থী কারা
রাজশাহী, সিলেট ও বরিশালে প্রার্থী ঠিক করতে ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। সেখানেই প্রার্থী ঘোষণা করা হতে পারে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, গত ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের দুটি বৈঠকে রাজশাহীতে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও সিলেটে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে সবুজ সংকেত দেন দলীয় প্রধান শেখ হাসিনা। তবে বরিশালে কোনো প্রার্থীর কথা আলোচনায় আসেনি। এমনকি দলীয় প্রধান নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বলেছেন, সেখানে জেতার মতো প্রার্থী নেই।

সিলেটে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। জানতে চাইলে আসাদ উদ্দিন প্রথম আলোকে বলেন, তৃণমূল সংগঠন ও ভোটাররা তাঁকে চায়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহীউদ্দিন আহমেদ সেলিমও আগ্রহী। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আসাদ মনোনয়ন না পেলে দলে তাঁর পদোন্নতির সম্ভাবনা আছে। আর মাহীউদ্দিন মূলত আলোচনায় আসার জন্য প্রার্থী হতে চাইছেন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে রাজশাহীর সম্ভাব্য প্রার্থী সম্পর্কে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের প্রতিদ্বন্দ্বী নেই বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে। মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকার আগ্রহী ছিলেন। লাভ হবে না ভেবে লিটনের পক্ষেই মাঠে নেমেছেন। জানতে চাইলে ডাবলু সরকার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের আর প্রার্থী নেই। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে রাজশাহীর প্রার্থী সম্পর্কে খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশালে বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ আগ্রহী, মাঠে আছেন। তাঁর সম্ভাবনাই বেশি দেখছেন দলের নীতিনির্ধারকেরা। এর বাইরে তাঁর চাচা খোকন সেরনিয়াবাতও আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এখন আর তৎপরতা নেই বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক শামীম এবং ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদের নাম শোনা যায়। বরিশালের প্রার্থী নিয়ে খোঁজখবর নিতে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, প্রার্থী নিয়ে আলাপ-আলোচনা চলছে, এর মধ্যে সাদিক আবদুল্লাহ এগিয়ে। সেখানে আওয়ামী লীগের পিছিয়ে থাকার ধারণা ঠিক নয় বলে তিনি দাবি করেন।

এদিকে গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলমকে আগেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। ফলে সেখানে এখন দলের মূল দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নিজেদের কোন্দল নিরসন করা। খুলনার নির্বাচনের পর এক ডজন কেন্দ্রীয় নেতা সাংসদ জাহিদ আহসান রাসেলের বাসায় বৈঠক করে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেন।

চার সিটিতে চার সমীকরণ
গাজীপুরে ভোট গ্রহণের কথা ছিল গত ১৫ মে। আইনি জটিলতায় তা আটকে যায়। আওয়ামী লীগ সূত্র বলছে, একসঙ্গে দুই সিটিতে ভোট হোক সেটা চায়নি আওয়ামী লীগ। খুলনায় জয়ের পর নতুন করে তৎপরতা শুরু করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খুলনায় প্রার্থী শক্তিশালী ছিল। কিন্তু দল ছিল দুর্বল। এ জন্য প্রশাসনিকভাবে চাপাচাপি করতে হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে। আর গাজীপুরে দল শক্তিশালী, প্রার্থী তুলনামূলক দুর্বল। দলকে ঐক্যবদ্ধ করতে পারাই এখন মূল লক্ষ্য।
রাজশাহীতে ২০০৮ সালে মেয়র হয়ে বিপুল উন্নয়ন করেও ২০১৩ সালের নির্বাচনে হেরে যান খায়রুজ্জামান লিটন। গতবার বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র হয়ে খুব কমই চেয়ারে বসার সুযোগ পান। মামলা, গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়ানো ও কারাবরণ-এই করে প্রায় আড়াই বছর কাটে তাঁর। এখন সরকারবিরোধী মনোভাবের কারণে বিপর্যয় না হলে লিটনেরই জয় দেখছে আওয়ামী লীগ।

সিলেটেও বিএনপির মেয়র আরিফুল হক ২৯ মাস কারাগারে ছিলেন। কিন্তু সিটি করপোরেশন এলাকার মধ্যে পড়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিজ নির্বাচনী এলাকা। ফলে সরকারের উন্নয়নকাজের সুফল আরিফুলও পেয়েছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, দলের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরিফুল থাকছেন। গত পাঁচ বছরে সরকারের বিপুল পরিমাণ কাজের সুফল আরিফুল পেয়ে যাচ্ছেন। দলীয় প্রধান শেখ হাসিনা এ সময় বলেন, এটা যে তাঁর সরকারের উন্নয়ন তা প্রচার করতে না পারার ব্যর্থতার দায় নেতাদের।

আওয়ামী লীগের সূত্র বলছে, বদরউদ্দিন কামরান অভিজ্ঞ প্রার্থী। আর বিএনপির আরিফুল হকও জনপ্রিয়। প্রার্থীর শক্তি এবং দলের জনপ্রিয়তা-দুইয়ের সমন্বয়ে সিলেটে বিএনপির প্রার্থীকেই এগিয়ে রাখছেন কেউ কেউ। এখানেও আইনি জটিলতা হতে পারে-এমন একটা আলোচনা আছে।

বরিশাল সিটি এলাকাকে বিএনপির ঘাঁটি মনে করে আওয়ামী লীগ। দলের জরিপও তা-ই বলে। এ অবস্থায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আহসান হাবিব কামাল কিংবা মজিবর রহমান সরোয়ারের কেউ প্রার্থী হলে এগিয়ে থাকবেন। ২০০৮ সালে শওকত হোসেন হিরন মেয়র হয়ে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেন, তারপরও ২০১৩ সালে হেরে যান। গত নির্বাচনে বিএনপির আহসান হাবিব কামাল মেয়র হন, তাঁকে বিএনপির অন্যদের মতো মামলা-হয়রানি মোকাবিলা করতে হয়নি। বরিশালে বিএনপির দলীয় শক্তি এবং আওয়ামী লীগের দুর্বল প্রার্থী-এই সমীকরণে আশা দেখছে না সরকারি দল। এই সিটিতে একটি ওয়ার্ডের সীমানা নিয়ে মামলা চলমান আছে, এটা শেষ পর্যন্ত নির্বাচন বন্ধের হাতিয়ার হয় কি না, এমন আলোচনা আছে।

আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, বরিশালে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের আগ্রহ তুলনামূলক কম। কারণ ওই সিটিতে জেতার মতো প্রার্থী নেই। তাই আইনি কোনো জটিলতায় আটকে গেলেও অখুশি হবে না আওয়ামী লীগ। বাকি তিন সিটির দুটিতে আওয়ামী লীগের প্রার্থী জয়ী হলেই খুশি। অর্থাৎ বিএনপি থেকে জনপ্রিয়তায় এগিয়ে-এটা দেখাতে পারাই মূল লক্ষ্য।