তিন সিটিতে বিএনপির সমন্বয়ক আব্বাস-গয়েশ্বর-খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিনটি সমন্বয় কমিটি করেছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে সমন্বয়ক ও রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সদস্যসচিব করা হয়। আর বরিশালে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সিলেটে স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রথম আলোকে বলেন, ‘বিনা চ্যালেঞ্জে তিন সিটি ছেড়ে দেবে না বিএনপি। তিন সিটি করপোরেশন নির্বাচনে কেউ যাতে বিজয় চিনিয়ে নিতে না পারে, সে জন্য সর্বাত্মকভাবে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।’

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শাজাহান ওমর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বদরুজ্জামানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়। তাঁকে গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য মাসুদ রানা খানকেও দলটির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।