তিন স্বতন্ত্র প্রার্থী মাঠে নামতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তিন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ওরফে মিন্টু ও তাঁর বাহিনীর দাপটে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন সুলতান ফরাজি। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামানের ছোট ভাইয়ের শ্বশুর।

ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরাজি মো. ইউনুচ, কবির আকন ও জলিল ফকির উপজেলা পরিষদ চেয়ারম্যানের দাপটে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এর মধ্যে ফরাজি মো. ইউনুচ ও কবির আকনের পক্ষে গত রোববার দুপুরে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে দুই প্রার্থীর পক্ষে ফরাজি মো. ইউনুচের ছেলে বরগুনা জেলা পরিষদের সদস্য মো. হ‌ুমায়ূন কবীর ও কবির আকনের পক্ষে তাঁর ভাইয়ের ছেলে মাসুদ আকন এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থী সুলতান ফরাজি ও তাঁর লোকজন প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীকে প্রচার-প্রচারণা চালাতে মাঠে নামতে দিচ্ছেন না। এমনকি প্রার্থিদের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হচ্ছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি দেওয়া ও মারধর করা হচ্ছে।

 চেয়ারম্যান প্রার্থী ফরাজি মো. ইউনুচের ছেলে বরগুনা জেলা পরিষদ সদস্য মো. হ‌ুমায়ূন কবীর সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের প্রার্থী সুলতান ফরাজি তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মনিরুজ্জামানের ছোট ভাই তারেকুজ্জামানের শ্বশুর হওয়ায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়নের সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানাভাবে হুমকি দিচ্ছেন। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাতে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হতে পারেন, সে জন্য তাঁর বাবা ও অন্য প্রার্থীদের নানাভাবে চাপ প্রয়োগ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।

অন্যদিকে অপর স্বতন্ত্র প্রার্থী আবদুল জলিল ফকির প্রথম আলোর কাছে গত সোমবার অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর সম্প্রতি লাউপাড়া বাজারে সমর্থকদের নিয়ে প্রচার চালাতে গেলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা আমার ওপর হামলা চালান। এরপর পর থেকে আমি এলাকায় কোনো প্রচার-প্রচারণা চালাতে পারছি না। এ অবস্থায় কোনোভাবেই এখানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।’

তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচনী প্রচার-প্রচারণায় কাউকে বাধা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। আমরা আমাদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচার চালাই এবং সরকারের উন্নয়নের কথা ভোটারদের অবহিত করে ভোট প্রার্থনা করি। এমনিতেই আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান এখানে ভালো। অন্য প্রার্থীদের হুমকি দেওয়া লাগবে কেন। যাঁরা এসব বলে তাঁরা জনগণের ভোটে জয়ী হতে পারবে না, এমনটা আঁচ করে এসব বলছেন।’

এ ব্যাপারে তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে দুজন স্বতন্ত্র প্রার্থীর লিখিত অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনে পাঠিয়েছি। নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, এ ব্যাপারে দুজন স্বতন্ত্র প্রার্থীকে থানায় এসে তাঁদের সমস্যা জানানোর জন্য বলা হলেও তাঁরা না এসে সংবাদ সম্মেলনে অভিযোগ করছেন। প্রতিদিন এই ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহলের ব্যবস্থা রয়েছে বলেও দাবি করেন তিনি।

২৩ মে তালতলী উপজেলার সোনাকাটা ইউপির ভোট নেওয়া হবে।