তিনজনের নাম ঘোষণা করে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৪ বছর পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দল থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়া হলেও গণমাধ্যমে নতুন কমিটির সভাপতি হিসেবে জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের নাম এসেছে।

 ২০০২ সালের ২৭ মার্চ ঢাকার ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সভায় আগের কমিটি বিলুপ্ত করে সাবেক সাংসদ এস এম আকরামকে আহ্বায়ক এবং মফিজুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৬৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরদিন এস এম আকরাম জেলা কমিটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন। যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম মারা যান ২০১৩ সালে। দুই দফা জাতীয় সংসদ, উপজেলা, ইউপি, পৌর এবং ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে জেলা কমিটি ছাড়াই কার্যক্রম চলে স্থানীয় আওয়ামী লীগের।

গতকাল সোমবার জানতে চাইলে আবদুল হাই প্রথম আলোকে বলেন, গত রোববার সকালে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান তাঁকে মুঠোফোনে নতুন কমিটির তথ্য জানান। কেন্দ্র থেকে তাঁকে জেলা কমিটির সভাপতি করা হয়েছে বলে অবহিত করা হয়। এ ছাড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা তিনজন কাউন্সিলরদের তালিকা প্রণয়ন করবেন। পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, থানা কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের আগেই জেলা কমিটির খসড়া ও কাউন্সিলরদের তালিকা কেন্দ্রে জমা দেবেন।

মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমাকে জেলা কমিটিতে দায়িত্ব দেওয়ায় আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের সব স্তরের নেতা-কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’

আবু হাসনাত বলেন, ‘কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। সেই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও কেন্দ্রীয় সম্মেলনের জন্য কাউন্সিলরদের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘১৪ বছর পর জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বাড়বে বলে আশা করছি।’