তিনটি উপজেলায় বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ছয় মাস বিরতি দিয়ে সিলেটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভা হয়েছে। নগরের সোবহানীঘাট এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভা থেকে জেলার তিনটি উপজেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১৫ এপ্রিল জেলা বিএনপির কমিটি ভেঙে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এম নুরুল হককে আহ্বায়ক করে গঠিত ওই কমিটি ২৪ এপ্রিল প্রথম সভায় জেলার ১৭টি সাংগঠনিক কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে। পরবর্তী সময়ে ৪ মে জরুরি সভা করে কমিটি পুনর্গঠন ও সম্মেলন করার ব্যাপারে আলোচনা হয়। এরপর গত শুক্রবার জেলা আহ্বায়ক কমিটি জরুরি সভায় মিলিত হয়।
সভায় নভেম্বরে তিনটি উপজেলা ও পরবর্তী সময়ে বাকি উপজেলাগুলোর সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১০ নভেম্বর জৈন্তাপুর উপজেলা, ১২ নভেম্বর কানাইঘাট ও ১৯ নভেম্বর গোয়াইনঘাট উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক এম নুরুল হকের সভাপতিত্বে সভায় জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল গফফারসহ সম্মেলনের তারিখ ঘোষণা করা তিন উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন।