চাঁদপুরের শাহরাস্তি উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এর প্রভাব পড়ছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে। চারটি ইউপির মধ্যে তিনটিতে দলটির একাংশের নেতা-কর্মীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ অন্য অংশের নেতা-কর্মীরা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করছেন না।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক সাংসদ এম এ মতিন একটি অংশের নেতৃত্বে আছেন। টামটা উত্তর, টামটা দক্ষিণ ও মেহের দক্ষিণ ইউপিতে তাঁর অনুসারীদের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অপর অংশের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক। তাঁর অনুসারীরা এই তিন ইউপিতে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নেই।
টামটা উত্তর ইউপিতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওমর ফারুক দরজি। মমিনুলের সমর্থকেরা ওমর ফারুকের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
টামটা দক্ষিণ ইউপিতে বিএনপির প্রার্থী সৌদি আরব-ফেরত নজরুল ইসলাম। এখানে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সফিকুর রহমান মজুমদার ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. জসিম উদ্দিন পাটওয়ারী। এখানেও বিএনপির অনেক নেতা-কর্মী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন।
মেহের দক্ষিণ ইউপিতে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে আকতার হোসেনকে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম। মমিনুলের অনুসারীরা বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. রুহুল আমিন। বর্তমান চেয়ারম্যান সফি আহম্মেদ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
মেহের উত্তর ইউপিতে বিএনপির প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। এখানে বিএনপির দুই অংশের লোকজনই দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন। দলটির বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জিয়াউল কবির।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজগর প্রথম আলোকে বলেন, ধানের শীষ প্রতীক নিয়ে যাঁদের মাঠে নামানো হয়েছে, দলের ত্যাগী ও মাঠপর্যায়ের নেতা-কর্মীরা তাঁদের সঙ্গে নেই। এসব প্রার্থীকে নেতা-কর্মীরা ঠিকমতো চেনেন না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আকতার হোসেন পাটওয়ারী বলেন, যাঁরা বিএনপির প্রকৃত নেতা-কর্মী ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের দলের বিপক্ষে যাওয়ার সুযোগ নেই।
শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে এ উপজেলার চারটি ইউপিতে ভোট গ্রহণ করা হবে।