তিনটিতে বিএনপির বিদ্রোহী সুবিধায় আ.লীগের প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তিতে ১০টি ইউনিয়নের (ইউপি) মধ্যে ছয়টিতে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটিতেই বিএনপির দুই পক্ষ আলাদা (বিদ্রোহী) প্রার্থী দিয়েছে। এতে এসব ইউপিতে সুবিধাজনক অবস্থায় আছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সাংসদ এম এ মতিন। ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে বিএনপির দুই পক্ষের আলাদা প্রার্থী ও বাকি তিনটিতে একক প্রার্থী রয়েছেন।
রায়শ্রী দক্ষিণে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক (মতিন পক্ষ) হাবিবুর রহমান। এখানে ঘোড়া মার্কা নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন (মমিনুল পক্ষ) উপজেলা বিএনপির সদস্য আবু হানিফ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এখানে আওয়ামী লীগের প্রার্থী। চিতোষী পূর্ব ইউপিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক (মতিন পক্ষ) আলী হোসেন। এখানে ঘোড়া মার্কা নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছেন (মমিনুল পক্ষ) উপজেলা বিএনপির সদস্য আলম বেলাল। বর্তমান চেয়ারম্যান আবু ইউছুপ এখানে আওয়ামী লীগের প্রার্থী।
সূচীপাড়া দক্ষিণ ইউপিতে বিএনপির মনোনয়ন পেয়েছেন (মতিন পক্ষ) আলমগীর ভূঁইয়া। এখানে চশমা মার্কা নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন (মমিনুল পক্ষ) আবদুর রশিদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা এখানে আওয়ামী লীগের প্রার্থী।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (মমিনুল পক্ষ) আলী আজগর বলেন, ‘তিনটি ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ৪০০ থেকে ৫০০ করে ভোট পাবেন। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের প্রার্থীরা বিপুল ভোটে তিনটি ইউনিয়নে বিজয়ী হবেন।’ এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার উপজেলা বিএনপির আহ্বায়ক (মতিন পক্ষ) আকতার হোসেন পাটওয়ারীর মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।