প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খালেদা জিয়া
তিনি জঙ্গি উত্থান ঘটিয়ে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চান
দেশে সন্ত্রাস ও জঙ্গির উত্থানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে এখানে জঙ্গিদের উত্থান ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিতে চান। হাসিনা আজকে জেনে-বুঝে এই কাজগুলো করছে।’
গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে বিএনপি-সমর্থিত প্রকৌশলীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এ্যাব’ আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বিদেশিদের আশ্বস্ত করতে চান তিনি নাকি এ দেশে সন্ত্রাস দমন করবেন। তিনি সন্ত্রাস দমন করবেন না।’
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাসদের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তাদের (আওয়ামী লীগ) দলের মধ্যে আসল সব খুনিরা রয়েছে। এমন সব লোক রয়েছে, তারা অনেক অভিজ্ঞ, অনেক আগে থেকেই তারা গুম-খুন করে এসেছে।
বিএনপির চেয়ারপারসন বলেন, আওয়ামী লীগ যখন একসঙ্গে স্বাধীনতাযুদ্ধে ছিল, এরাই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত ছিল। বিএনপির জন্মও তখন হয়নি। এই দলের লোকজন তখন আওয়ামী লীগের লোকজনকে খুন করত, গুম করত। তাদের নেতা সম্পর্কে কী খারাপ, অশ্লীল ভাষায় বক্তব্য দিত, সেগুলো এখন হাসিনা ভুলে গিয়ে নিজের দলের লোকজনকে মূল্যায়ন না করে এই খুনি-অত্যাচারীদের মূল্যায়ন করছেন। তার ফলেই দেশের এই অবস্থা হচ্ছে।