তিনি নিজের ভোটটিও পাননি!
ইউপি নির্বাচনে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ৫ নম্বর রায়কালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হারেজ মণ্ডল একটি ভোটও পাননি। এমনকি প্রার্থী নিজেও নিজেকে ভোট দেননি।
চতুর্থ ধাপে গত শনিবার উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। রায়কালী ইউপির ২ নম্বর ওয়ার্ডে পাঁচজন সদস্য পদপ্রার্থী ছিলেন।
রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক গতকাল মঙ্গলবার বলেন, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী হারেজ মণ্ডল (টিউবওয়েল) একটি ভোটও পাননি। তিনি নিজের ভোটটিও নিজেকে দেননি। এ ওয়ার্ডে খোরশেদ আলম সদস্য নির্বাচিত হয়েছেন।
ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা বলেন, হারেজ মণ্ডল তাঁদের ওয়ার্ডের সদস্য ছিলেন। কিন্তু তিনি ওয়ার্ডের উন্নয়নে তেমন কোনো ভূমিকাই রাখেননি। ওয়ার্ডের লোকজন তাঁর ওপর নাখোশ ছিলেন।
হারেজ মণ্ডল বলেন, ‘আমি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম ঠিকই। কিন্তু নির্বাচনী মাঠে ছিলাম না। আমার ভোটটি রেজাউল করিমের (তালা) প্রতীকে দিয়েছি। তবে একটিও ভোট পাব না, এমনটা ভাবিনি।’