তিনিই আ.লীগের প্রার্থী!
২০০১ সালে তিনি ছিলেন বিএনপির সমর্থক। তখন তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক গুঁড়িয়ে দেওয়ার অভিযোগও ওঠে। ২০১৬ সালে এখন তিনি কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। চেয়ারম্যান পদে লড়াইয়ের জন্য পেয়েছেন দলের মনোনয়নও।
আওয়ামী লীগের এই নেতার নাম আসকর আলী। তিনি বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বুধবার মনোনয়নপত্র বাছাইয়ে তিনি বৈধ প্রার্থী হিসেবে টিকেও গেছেন। তাঁকে মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
নেতা-কর্মীরা বলেন, ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধলেশ্বরী সেতু-১ ও ধলেশ্বরী সেতু-২-এর নামফলক উন্মোচন করেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর বিএনপির সমর্থক আসকর ও তাঁর সহযোগী নুরুল ইসলাম, শাহজাহানসহ কয়েকজন দক্ষিণ কেরানীগঞ্জের চর গোলগোলিয়া এলাকায় থাকা ধলেশ্বরী সেতু-১ নামফলকটি গুঁড়িয়ে দেন এবং নামফলক-সংলগ্ন স্থানে একটি মার্কেট নির্মাণ করেন।
এ ছাড়া এ ঘটনায় ২০১১ সালে স্থানীয় আওয়ামী লীগের নেতা শহিদুল হক প্রতারণা ও জমি দখলের অভিযোগে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এতে আসকর আলীসহ চারজনকে আসামি করা হয়।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আসকর আলী আওয়ামী লীগে যোগ দেন। তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন। গত ইউপি নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছিলেন। আর এবারের ইউপি নির্বাচনে সবাইকে অবাক করে দলের মনোনয়নও পেয়ে গেছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জেড এ জিন্নাহ বলেন, আসকর আলী সব সময় সুবিধাভোগী। একসময় বিএনপি করলেও বোল পাল্টে এখন তিনি আওয়ামী লীগ করছেন। আর কিছু সুবিধাবাদী নেতা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে তাঁকে দলীয় মনোনয়ন দিয়েছেন। এ ঘটনায় তাঁরা সবাই ক্ষুব্ধ।
আসকর আলী বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। মনোনয়নবঞ্চিত হয়ে আওয়ামী লীগের কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দলের সিদ্ধান্ত মোতাবেক আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।’
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, জেলা, থানা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসকর আলীকে এককভাবে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে। যাঁরা দল থেকে মনোনয়ন পাননি, তাঁরা দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র ও কুৎসা ছড়াচ্ছেন।
বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জিলানী বলেন, ‘আসকরের নেতৃত্বে ধলেশ্বরী-১ ও ধলেশ্বরী-২ সেতুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামফলক ভেঙে ফেলা হয়। এসব ঘটনা তখন বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের অবহিত করা হয়েছে। আমরা সব সময় নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দলের পক্ষে কাজ করে যাচ্ছি। কিন্তু শেষ পর্যন্ত সুবিধাবাদী আসকর আলীকেই দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।’