তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিস্তা চুক্তি এবার না হলেও কিছুদিন পরে হবে। কিন্তু গঙ্গা চুক্তি যাঁর হাত ধরে হয়েছে, তিস্তা চুক্তি তিনিই করবেন। তিনি বলেন, তিস্তা চুক্তি সময়ের ব্যাপার। এই চুক্তি সময়মতো হবে। সব প্রক্রিয়া শেষ পর্যায়ে।
গতকাল শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
‘ভারতের সঙ্গে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে বন্ধুত্ব চাই না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সামরিক-অসামরিক যে চুক্তিই হোক, তা হবে বাংলাদেশের স্বার্থে। চুক্তি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’
‘জঙ্গিবাদের ঘটনা সরকার অতিরঞ্জিত করছে’—বিএনপি নেতাদের এমন দাবির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক মাসে যে ঘটনাগুলো হলো, এসব ঘটনা কি অতিরঞ্জিত? আসলে জঙ্গিবাদকে যারা পৃষ্ঠপোষকতা করে, জঙ্গিবাদকে মদদ দেয়, আজকে সরকারের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডে তাদের অন্তর্জ্বালা ও গা জ্বালা ধরেছে।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের চেয়ে ব্যক্তি উন্নয়ন করতে গিয়ে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ দলীয় কোন্দল-কলহ মিটিয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন হবে না—বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির লেভেল প্লেইং ফিল্ড বলতে কী বোঝায়, জানেন? এমন একটা অবস্থার সৃষ্টি, যেন তাদের জয় নিশ্চিত হয়। এই লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তা তো আমরা দিতে পারব না। দিতে পারে দেশের জনগণ।’
ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ।