তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিএনপি।
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় জাতি হিসেবে আশাহত হয়েছি। এটি সরকারের ব্যর্থতা।
নরেন্দ্র মোদির সফরকে কীভাবে মূল্যায়ন করবেন—এ প্রশ্নের জবাবে রিপন বলেন, এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সফরে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো আগে দেখতে হবে। সরকার চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ করেনি। গণমাধ্যমের বরাতে কিছু কিছু জানা গেছে। চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স—এমনটা উল্লেখ করে রিপন বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার যেসব মামলা হয়েছে, সেগুলোর প্রকৃত ও সুষ্ঠু তদন্ত হলে কোনো নেতা-কর্মীরই অভিযুক্ত হওয়ার সুযোগ নেই। এ ছাড়া সংবাদ সম্মেলনে রমজানের আগেই দলের সব নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন রিপন।