তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘তিস্তা চুক্তি না হওয়ায় জাতি হিসেবে আমরা আশাহত হয়েছি। এটি সরকারের ব্যর্থতা।’
নরেন্দ্র মোদির সফরকে কীভাবে মূল্যায়ন করবেন—এ প্রশ্নের জবাবে বিএনপির মুখপাত্র বলেন, এক কথায় এ প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সফরে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো আগে দেখতে হবে। সরকার চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ করেনি। গণমাধ্যমের বরাতে কিছু কিছু জানা গেছে। চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানান তিনি। তিনি বলেন, ভারতের জনগণের ভোটে নির্বাচিত সরকারপ্রধান নরেন্দ্র মোদির সফরকে বিএনপি স্বাগত জানিয়েছে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে তাঁরা আশা করছেন।
আসাদুজ্জামান বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির অবস্থান। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার যেসব মামলা হয়েছে, সেগুলোর প্রকৃত ও সুষ্ঠু তদন্ত হলে কোনো নেতা-কর্মীরই অভিযুক্ত হওয়ার সুযোগ নেই। রমজান মাসের আগেই দলের কারাবন্দী সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান তিনি।