স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৈঠকে বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন বোর্ডের এই বৈঠক হবে আজ সোমবার সন্ধ্যা ছয়টায়। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এদিকে পৌরসভার মেয়র পদে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে আরও সাতজন সদস্য যুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ১১ সদস্যের সংসদীয় বোর্ড গঠিত। এই বোর্ড জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন দেয়। পৌরসভার মেয়র পদের প্রার্থী ও পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়নের জন্য এই বোর্ড সম্প্রসারণ করা হয়েছে। বোর্ডে নতুন যুক্ত হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম; তিন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক; কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে গতকাল থেকে তৃণমূলের বাছাই করা মেয়র পদপ্রার্থীদের তালিকা আসতে শুরু করেছে। রাত আটটা পর্যন্ত প্রায় ৫০টি পৌরসভার প্রার্থীর তালিকা এসেছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, রাত আটটার পরও অনেক জেলা থেকে মনোনীত মেয়র প্রার্থীদের তালিকা আসছে। অধিকাংশই একক প্রার্থী।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, যেসব পৌরসভায় সাংসদ-জেলা-উপজেলার নেতারা একক প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছেন, সেগুলোই গতকাল চলে এসেছে। মতানৈক্য আছে যেখানে, সেখানেই দেরি হচ্ছে। তবে আজকের মধ্যে ২৩৬টি পৌরসভার দলীয় প্রার্থী মনোনয়ন করে তা কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠাবে।
আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা বলেন, আজকের বৈঠকে হয়তো ২৩৬টি পৌরসভার সবগুলোর মেয়র প্রার্থী চূড়ান্ত করা যাবে না। এর জন্য আরেকটি বৈঠক লাগতে পারে। এ ক্ষেত্রে সেটি মঙ্গলবারই হবে। কারণ, বৃহস্পতিবারের মধ্যে মনোনয়নের চিঠি নির্বাচন কমিশনে পৌঁছাতে হবে।