তৃণমূল নেতা-কর্মীরাই নেতা নির্বাচন করতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরাই তাঁদের নেতা নির্বাচন করতে চান। গত সোমবারের তৃণমূল সভা স্থগিত হয়ে যাওয়ায় তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতা-কর্মীরা তাঁদের ক্ষোভ প্রকাশের পাশাপাশি দলের কাউন্সিলে ভোটের মাধ্যমে নিজেরাই নিজেদের নেতা নির্বাচন করার দাবি জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় ফরিদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আটজন নেতা প্রথম আলোর ফরিদপুর কার্যালয়ে এসে এ দাবি জানান। তবে তৃণমূল নেতারা তাঁদের নাম প্রকাশ করতে রাজি হননি।
তৃণমূল নেতারা বলেন, আমরা চাই আমাদের নেতা নির্বাচন করতে। চাপানো নেতা আমরা চাই না। জেলা বিএনপির সম্মেলন ফরিদপুরেই হতে হবে। আমরা বিএনপির দুঃসময়ে আন্দোলন-সংগ্রাম করে বিএনপিকে বাঁচিয়ে রাখি। হামলা-মামলায় প্রতিনিয়ত আমাদেরই পড়তে হয়। অথচ সম্মেলনের আগে দেখা যায়, দলের সংকটে ঘাপটি মেরে থাকা নেতারা রাতারাতি পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ছাপিয়ে ও টানিয়ে জাঁদরেল নেতা বনে যান। দেখা যায়, জেলা শহরে সম্মেলন না করে, কাউন্সিলরদের মতামতের কোনো মূল্য না দিয়ে ঢাকা থেকে আমাদের নেতা নির্ধারণ করে দেওয়া হয়, এ অবস্থা চলতে পারে না। আমরা আর এ অবস্থা মেনে নিতে চাই না। দু-একজন নেতার জন্য দলের সর্বনাশ আমরা মেনে নেব না।
প্রসঙ্গত, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ফরিদপুর জেলা বিএনপির তৃণমূল সভা স্থগিত করা হয়। গত সোমবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সভা হওয়ার কথা ছিল। ওই সভায় জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার কথা ছিল।
তৃণমূল নেতা-কর্মীদের এ মনোভাব সম্পর্কে জেলা যুবদলের সভাপতি আফজল হোসেন খান বলেন, উপজেলা পর্যায় থেকে সঠিক নেতৃত্ব নির্বাচন করে ফরিদপুর শহরেই জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচন করা সম্ভব। দলের গঠনতন্ত্র মেনে যোগ্য ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে উপজেলা কমিটিগুলো পুনর্গঠন করে জেলা সম্মেলনের ব্যবস্থা করলে ফরিদপুরে বিএনপির রাজনীতির জন্য শুভ হবে।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন বলেন, গ্রুপিংয়ের নামে ভাগ-বাঁটোয়ারার কমিটি আমরা চাই না। মাঠে এসে জেলা ও উপজেলার কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হলে আমরা তা মেনে নেব। এর বাইরের কোনো প্রক্রিয়া আমরা মেনে নেব না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, ওপর থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্ব দলের জন্য কল্যাণকর হতে পারে না।