তৃণমূল নেতা-কর্মীদের উজ্জীবিত করাই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামের তিনটি সাংগঠনিক জেলায় বিএনপির কর্মিসভা আহ্বান করা হয়েছে। তৃণমূল নেতা-কর্মীদের আন্দোলনে উজ্জীবিত করতেই এই আয়োজন বলে বিএনপির নেতারা জানিয়েছেন। এসব কর্মিসভায় চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি উঠতে পারে বলে দলীয় সূত্র জানায়।

আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা এবং বৃহস্পতিবার চট্টগ্রাম নগর বিএনপির কর্মিসভা দলীয় কার্যালয় নাসিমন ভবনে অনুষ্ঠিত হবে। আগামী বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত হবে বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারে। প্রতিদিন বেলা দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মিসভা চলবে বলে নেতারা জানান।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও নগর বিএনপির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। চট্টগ্রাম নগরের কর্মিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন অতিথি হিসেবে বক্তৃতা করবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অবস্থান এবং নিজেদের দলীয় ঐক্য সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে কর্মীদের জন্য বার্তা নিয়ে আসবেন।

২০১০ সালের ২৫ জানুয়ারি থেকে গত বছরের ৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম নগর বিএনপির কমিটি পরিচালিত হয়েছে পাঁচজন দিয়ে। সর্বশেষ গত বছরের ৭ আগস্ট থেকে তিনজন দিয়ে চলছে নগর বিএনপি। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। ২০১৪ সালের ২৯ এপ্রিল আসলাম চৌধুরীকে আহ্বায়ক করে ৯১ সদস্যের কমিটি করা হয়। আসলাম চৌধুরী এখন কারাগারে আছেন।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ২০১১ সালের নভেম্বরে সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। ১৫১ সদস্যের দক্ষিণ জেলার কমিটির মেয়াদ আড়াই বছর আগে শেষ হয়। উপদলীয় কোন্দলে জর্জরিত দক্ষিণ জেলা বিএনপি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, সংগঠনকে আরও শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্য আরও অটুট করতে কর্মিসভা ডাকা হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে এলে কর্মীরা চাঙা হন। তাঁরা ভাববিনিময় করার সুযোগ পান। কর্মিসভায় তাঁদের সব অভিযোগ কেন্দ্রীয় নেতারা শুনুক। ভালো দিকও তুলে ধরুক। ভুল-ত্রুটি সংশোধন করে সবাই ঐক্যবদ্ধ হলে সরকারের পতন ঘটানো যাবে।

পূর্ণাঙ্গ কমিটি না হওয়া প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, নগরের ৩১টি ওয়ার্ডের কমিটি হয়ে গেছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী এলাকার ১০টি ওয়ার্ডের কমিটির জন্য অপেক্ষা করছেন তাঁরা।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাছান বলেন, উত্তর জেলা বিএনপির বিভিন্ন কমিটি নিয়ে মতবিরোধ রয়েছে। কর্মিসভায় দ্বন্দ্বের বিষয়টি উঠে আসতে পারে। সবাই চায় দ্বন্দ্ব নিরসন হোক। দ্বন্দ্ব না থাকলে উত্তর জেলা বিএনপিকে মোকাবিলার শক্তি কারও নেই।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেন, জেলাভিত্তিক কর্মিসভার পর দলনেতা হিসেবে খন্দকার মোশাররফ হোসেন একটি প্রতিবেদন কেন্দ্রে জমা দেবেন। প্রতিবেদনের আলোকে ভুলত্রুটি সংশোধন ও দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়া হবে।