তৃণমূল পর্যায় থেকে দলকে আরও চাঙা করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল লন্ডন থেকে ঢাকা ফেরার পথে বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল লন্ডন থেকে ঢাকা ফেরার পথে বিমানের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন l ছবি: ফোকাস বাংলা

তৃণমূল পর্যায় থেকে বিভাগীয় শহর পর্যন্ত দলকে আরও চাঙা ও শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির সময় স্থানীয় নেতাদের তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী প্রায় এক ঘণ্টা তাঁদের সঙ্গে কথা বলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১০টা ৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিমানবন্দরের ভেতরেই দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য বৈঠক করেন। বৈঠকে অংশগ্রহণকারীদের কয়েকজন জানান, প্রধানমন্ত্রী সিলেটকে আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী ঘাঁটি উল্লেখ করে দলকে আরও শক্তিশালী করতে নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। দলের তিনজন নেতা জানান, শুরুতেই প্রধানমন্ত্রী বৈঠক থেকে দেশবাসীকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অন্য দলের বাঘা বাঘা মন্ত্রী থাকা সত্ত্বেও সিলেটের উন্নয়ন ত্বরান্বিত হয়নি। বর্তমান সরকার সিলেটের জন্য অনেক উন্নয়ন করেছে, ভবিষ্যতে আরও অনেক উন্নয়ন করা হবে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যুক্তরাজ্যপ্রবাসী সিলেটিদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, সিলেটিদের সার্বিক সহযোগিতার কারণেই তিন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হতে পেরেছেন। প্রধানমন্ত্রী এই তিন এমপির অন্যতম তাঁর ভাগনি টিউলিপ সিদ্দিকের সিলেট সফরের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘রুশনারা আলী আপনাদের এখানকার কৃতী সন্তান। তাঁকেসহ ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত তিন বাংলাদেশিকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করতে পারেন আপনারা।’
বৈঠকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এক ঘণ্টার যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।