দলীয় কোন্দলের জের ধরে ফরিদপুর জেলা বিএনপির তৃণমূল সভা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ সভা হওয়ার কথা ছিল। এদিকে, ওই কর্মসূচি স্থগিত হওয়ায় সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি গঠনের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জেলা বিএনপির সভাপতি জহিরুল হক বলেন, রোববার রাত আটটার দিকে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ মুঠোফোনে জানান, ‘অনিবার্য কারণবশত’ তৃণমূল সভা স্থগিত করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন নেতা-কর্মী বলেন, দলের মধ্যে বিরোধ এবং সংঘাতময় পরিস্থিতি এড়াতে সভা স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা।
গত রোববার তৃণমূল নেতাদের সভার বিষয়টি শহরে মাইকে প্রচার করা হয়। সেখানে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ পারভেজ। কিন্তু দুপুরে পুলিশ মাইকের প্রচারণা বন্ধ করে দিলে সভাপতিত্ব করা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এর আগে ৩ নভেম্বর ঢাকায় তৃণমূল সভায় কার কী ভূমিকা হবে, তা নিয়ে সভা হয়। সেখানে সিদ্ধান্ত হয় ওই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক।
জেলা বিএনপির সহসভাপতি শহীদ পারভেজ বলেন, ‘রোববার প্রচারণার জন্য শহরে তিনটি মাইক নামিয়েছিলাম। সভাপতি জহিরুল হক পুলিশ দিয়ে প্রচারণা বন্ধ করে দিয়েছিলেন। জেলা কমিটির সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর আমি জেলা কমিটির ১ নম্বর সদস্য হিসেবে “ভারপ্রাপ্ত সভাপতি” হিসেবে দায়িত্ব পালন করছি। এক কারণে তৃণমূল সভায় আমি সভাপতিত্ব করব বলে মাইকিং করেছি। জেলার তৃণমূল সভায় কে সভাপতিত্ব করবেন, তা জেলা কমিটির সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে কেন্দ্রের কিছু করণীয় নেই।’
অপর দিকে জহিরুল হক বলেন, ‘তৃণমূল সভা একেবারেই নির্ধারিত নেতাদের নিয়ে হয়ে থাকে। কারা এ সভায় আমন্ত্রিত হবেন, তা-ও ঢাকায় ৩ নভেম্বরের সভায় ঠিক করে দেওয়া হয়েছে। তাই এ সভা নিয়ে মাইকিং করার সুযোগ নেই। আমি এখনো জেলা কমিটির সভাপতি, তাই আমিই সভাপতিত্ব করব, কেন্দ্রের সিদ্ধান্ত সেটাই।’
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ। তিনি বলেন, ‘ফরিদপুরে যে অবস্থা, তাতে এই সভা করার সুযোগ নেই। ঢাকায় গিয়ে সীমিতসংখ্যক নেতা নিয়ে সভা হতে পারে। জহিরুল হকের পাশে সরকারি দল ও পুলিশ রয়েছে আর শহীদ পারভেজের পাশে দলের নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন।’
জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম সম্পাদক জুলফিকার হোসেন বলেন, প্রতিনিধি সভা এবং জেলা সম্মেলন যাঁরা চান না, তাঁরা দলকে শেষ করে দিতে ঢাকায় বসে পকেট কমিটি করার ষড়যন্ত্র করছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার আজম বলেন, প্রতিনিধি সভা স্থগিত হওয়ায় জেলা বিএনপির অপূরণীয় ক্ষতি হয়েছে। এখানকার সাংগঠনিক অবস্থা ভালো নয়। কাউন্সিল করে শক্তিশালী কমিটি করতে হবে। তবে গোলযোগের আশঙ্কার কারণ নেই।
এদিকে সভা স্থগিত হওয়ায় গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে কয়েক শ নেতা-কর্মী শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স চত্বরে মিছিল করেন। মিছিল শেষে একই স্থানে তাঁরা মানববন্ধন করেন।