তৃণমূলে প্রায় নিষ্প্রাণ আওয়ামী লীগ
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা দুই মাসের অবরোধ-হরতালের মুখে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা মূলত ঢাকাতেই সীমাবদ্ধ হয়ে আছে। সারা দেশে তৃণমূলে দলটির চেহারা ভিন্ন। জেলা-উপজেলায় দৃশ্যমান তেমন সাংগঠনিক তৎপরতা নেই। দলীয় সাংসদেরা সক্রিয় না থাকায় অনেকটাই নিষ্প্রাণ দলের তৃণমূল।
২০-দলীয় জোটের অবরোধ ও হরতাল অব্যাহত থাকলেও এর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের দলীয় কোনো কর্মসূচি নেই। কেবল ঢাকায় কয়েকজন মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা সংবাদমাধ্যমে কথা বলে যাচ্ছেন। সংবাদ সম্মেলন অথবা ভুঁইফোড় সংগঠনের ব্যানারে বক্তৃতা-বিবৃতির মাধ্যমেই চলছে তাঁদের তৎপরতা।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য প্রথম আলোর কাছে তৃণমূলে দলের হতাশাজনক অবস্থার কথা স্বীকার করেন। তিনি বলেন, সারা দেশের পরিস্থিতি ঢাকার মতো নয়। মফস্বলে দলীয় কর্মীরা সক্রিয় নন। সাংসদেরা যে যাঁর মতো আছেন।
২০-দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের কর্মসূচি ঢাকার বাইরে দায়সারাভাবে পালিত হচ্ছে। জেলা পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, মাস খানেক আগে ১৪ দলের বৈঠকে সারা দেশে সন্ত্রাস প্রতিরোধ কমিটি করার সিদ্ধান্ত হয়। দেশের সব জেলা-উপজেলায় এই সন্ত্রাস প্রতিরোধ কমিটি করার কথা ছিল। কিন্তু কোনো জেলাতেই তা হয়নি। আর উপজেলা পর্যায়ে কোথাও এ কমিটি গঠনের উদ্যোগই নেই। তবে জেলা ও উপজেলায় সরকারিভাবে গঠিত আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে ১৪ দলের প্রতিনিধি রাখা হয়েছে।
জেলা পর্যায়ে কর্মসূচি সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য দেশের সাত বিভাগের বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগের নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাঁদের কেউ কেউ উদ্ধৃত হয়ে কথা বলেন। আবার অনেকেই নাম প্রকাশ করে কথা বলতে সম্মত হননি। এ ছাড়া তৃণমূলের কয়েকজন নেতা আওয়ামী লীগের কর্মসূচি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। তাঁরা বর্তমান পরিস্থিতিতে দলগত কর্মসূচি থাকা আবশ্যক বলে মনে করেন।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচি না থাকায় মানিকগঞ্জে দলগতভাবে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেওয়া হয়নি। জেলা শহরে ১৪ দলের কিছু কর্মসূচি পালন করা হলেও উপজেলা পর্যায়ে তা হয়নি। তবে তিনি এটাও দাবি করেন, তাঁর জেলায় কোনো হরতাল-অবরোধ হচ্ছে না। তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের টানা হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া উচিত। এ ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা যেতে পারত।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনউদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, জেলা শহরে ১৪ দলের কর্মসূচি পালিত হয়েছে। তবে উপজেলায় হয়নি। এ ছাড়া কেন্দ্রীয় ঘোষণা না থাকায় দলগত কর্মসূচি পালিত হয়নি। তবে ১৪ দলগতভাবে কর্মসূচি হলেও এটা আওয়ামী লীগই করেছে।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, রংপুর শহর ও ওয়ার্ডে ১৪ দল ও আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
জেলা ও উপজেলায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন সম্পর্কে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, এ কমিটি গাইবান্ধায় এখনো হয়নি। তবে জেলা ও সব উপজেলায় কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত এক মাসে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে পেট্রলবোমায় আক্রান্ত স্থানে ১৪ দলের ঘোষিত জনসভা অনুষ্ঠিত হলেও মানববন্ধন ও গায়েবানা জানাজার কর্মসূচি ঢাকা ছাড়া দেশের সর্বত্র পালিত হয়নি।
তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সর্বত্র ১৪ দলের কর্মসূচি পালিত হচ্ছে বলে প্রথম আলোর কাছে দাবি করেন।
সন্ত্রাস প্রতিরোধ কমিটি কেন হয়নি, জানতে চাইলে ১৪ দলের অন্যতম নীতিনির্ধারক এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, কমিটিগুলো আগে হচ্ছিল না। তবে এখন করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কোথাও কোথাও হচ্ছে।
আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের প্রতিবাদে সারা দেশে দলীয় কর্মসূচি না থাকলেও জেলা ও উপজেলা পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলীয় কার্যক্রম চলছে। দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রথম আলোর কাছে দাবি করেন, গত এক মাসে ১০টি জেলা ও অর্ধশতাধিক উপজেলার কাউন্সিল হয়েছে। তিনি জানান, অবরোধ-হরতালের মধ্যেই কাউন্সিল হওয়া জেলাগুলো হলো যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, সিরাজগঞ্জ, মেহেরপুর ও লক্ষ্মীপুর।
দলের কেন্দ্রীয় কর্মসূচি না থাকা প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে সৃষ্ট নাশকতা ও সহিংসতা দমনের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কাজ নয়। এ পরিস্থিতিতে জেলা-উপজেলায় দলীয় পাল্টা কর্মসূচি দেওয়া হলে সংঘাত বাড়তে পারে।