তৃণমূলের চিত্র দিচ্ছেন সাংগঠনিক সম্পাদকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  • দ্বন্দ্ব-কোন্দল অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি।
  • কমিটির সভাপতি কাজী জাফর উল্যাহ।
  • অনুসন্ধান কমিটির কাজ শুরু।
  • ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা।

আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দল অনুসন্ধানে গঠিত কমিটি দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে মাঠের চিত্র সংগ্রহ করছে। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের কারণ অনুসন্ধানে পরাজিত প্রার্থী ও অংশীজনদের সঙ্গে সরাসরি কথা বলছেন কমিটির সদস্যরা। গত মঙ্গলবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

আওয়ামী লীগের কোন্দল নিরসনে গঠিত কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। গত ৩১ মার্চ দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি পরাজয়ের কারণ ও সারা দেশে দলের দ্বন্দ্ব-কোন্দল অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি করা হয়।

এই কমিটির সভাপতি হলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। অন্য সদস্যরা হলেন চার যুগ্ম সাধারণ সম্পাদক। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

কাজী জাফর উল্যাহর বনানীর ব্যক্তিগত কার্যালয়ে মঙ্গলবার প্রথম বৈঠক করেন তাঁরা। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরাজিত দুই প্রার্থীর সঙ্গে কথা বলেন অনুসন্ধান কমিটির সদস্যরা। গতকাল বুধবারও কয়েকজন আইনজীবী নেতার সঙ্গে অনুসন্ধান কমিটি কথা বলে। এই নির্বাচনে মূল ভূমিকা পালনকারী নেতাদের পর্যায়ক্রমে ডাকা হবে বলে কমিটি সূত্র জানিয়েছে।

জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত ইউসুফ হোসেন হুমায়ুন প্রথম আলোকে বলেন, নিজে প্রার্থী হওয়ায় এবং ভোটের সময় ভেতরে থাকার কারণে তাঁদের কাছে পুরো চিত্র পাওয়া যাবে না। এই নির্বাচনে যাঁরা মূল ভূমিকা পালন করেছেন, তাঁদের বক্তব্য নিলে আরও পরিষ্কার হওয়া যাবে। কমিটি সেটাই করছে।

অনুসন্ধান কমিটি সূত্র জানায়, তৃণমূলের দ্বন্দ্ব সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট এলাকার নেতাদের ডাকার বিষয়ে আলোচনা হয়। তবে এটা করা সময়সাপেক্ষ ব্যাপার এবং এতে কাকে ডাকা হবে আর কাকে বাদ দেওয়া হবে—এটা নিয়ে ঝামেলা হতে পারে। এ জন্য সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকেই তৃণমূলের চিত্র নেওয়া হচ্ছে।

জানতে চাইলে অনুসন্ধান কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্যাহ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পরাজয়ের কারণ অনুসন্ধান ও তৃণমূলের দ্বন্দ্ব—দুটির বিষয়েই কাজ শুরু হয়েছে। আইনজীবীদের সঙ্গে সরাসরি কথা হচ্ছে। আর সাংগঠনিক সম্পাদকদের কাছ থেকে প্রতিবেদন নেওয়া হচ্ছে। যথাসময়েই দলীয় প্রধান শেখ হাসিনার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।