তৃণমূলের প্রার্থী মেনে নেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের পর দলীয় প্রতীকে প্রথমবারের মতো আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনেও থাকবে বিএনপি। আর প্রার্থী নির্বাচনের ব্যাপারে তৃণমূলের সিদ্ধান্ত মেনে নেবে দলটি।
দলীয় প্রতীকে দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশন গত মঙ্গলবার এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নির্বাচন পরিচালনা বিধি ও আচরণবিধির খসড়াও নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
এর আগে গত ডিসেম্বরে দলীয়ভাবে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ছিল বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ইউপি নির্বাচনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছে। গত বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে থানা-উপজেলা পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয় বলে সূত্র জানিয়েছে।
ইউপি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিএনপি নির্বাচনবিমুখ নয়। আমরা বলেছি, আমরা সব নির্বাচনে অংশ নিতে চাই। প্রহসন হবে জেনেও দলীয় প্রতীকে আমরা পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছি। গণতন্ত্রের বিকাশে বিএনপি যথাসাধ্য চেষ্টা করবে।’ বিএনপির এই নেতা বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনেও বিএনপি অংশ নেবে বলে তিনি মনে করেন।
বিএনপির সূত্র জানায়, ইউপি নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত একপ্রকার হয়ে আছে। দলের জ্যেষ্ঠ নেতাদের বেশির ভাগই নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মনোভাবও নির্বাচনে যাওয়ার পক্ষে। তাঁরা মনে করছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবে। সেই সঙ্গে পুরোদমে নির্বাচনের কাজও শুরু করবে। এর মধ্যে বড় কিছু না হলে বিএনপি নির্বাচনের মাঠ ছাড়বে না।
বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে। তবে তাঁরা মনে করছেন, দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক। দলীয়ভাবে ইউপি নির্বাচনে সামাজিক সৌহার্দ্য নষ্ট হবে। দলীয় প্রতীকের ইউনিয়ন পরিষদ নির্বাচনে থাকা না-থাকা নিয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি।
পৌরসভা নির্বাচন সমন্বয়ের সঙ্গে যুক্ত ছিলেন এমন একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেননি। তবে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের অনেকেই মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। ওই নেতা বলেন, বিএনপির মতো দলে সব সময় নির্বাচনের একধরনের প্রস্তুতি থাকে। ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত দলের সংগঠন আছে। তাই প্রার্থী পেতে বড় কোনো সমস্যা হবে না। তবে যোগ্য প্রার্থী পাওয়ার ক্ষেত্রে পৌরসভায় যে রকম কিছু সমস্যা দেখা গেছে, এবার তা আরও বেশি হতে পারে। তার একটি বড় কারণ হলো—পৌর নেতাদের সম্পর্কে জেলা বা কেন্দ্রীয় নেতাদের ভালো ধারণা থাকে। ইউনিয়ন পর্যায়ের নেতাদের সম্পর্কে সে রকম ধারণা থাকে না। প্রার্থী মনোনয়নের বিষয়টি গত বৃহস্পতিবার সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার গতকাল প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপি কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। তৃণমূল যে সিদ্ধান্ত নেয় কেন্দ্র তা বাস্তবায়ন করবে।