তৃণমূলের ভোটে দুই ইউপিতে আ.লীগের প্রার্থী বাছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তৃণমূলের ভোটে বাছাই করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এই বিশেষ কাউন্সিল হয়।
এতে দরিয়াদৌলত ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম ২১৬ ভোট এবং আইয়ুবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ১৭১ ভোট পেয়ে প্রার্থী নির্বাচিত হন।
দুটি ইউনিয়নে প্রতিটিতে ১১ জন করে ২২ জন প্রার্থী দলীয় প্রতীকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথম দফায় বেলা সাড়ে ১১টায় দরিয়াদৌলত ইউনিয়নে ৪৬১ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন এবং দ্বিতীয় দফায় বিকেল চারটার দিকে আইয়ুবপুর ইউনিয়নে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোট দেন। দুটি ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটির সদস্যরা ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পরে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল দেওয়া হয়।
এ সময় স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুশফিকুল মান্নান, মাসুদ করিম, কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।