দীর্ঘ ১৯ বছর পর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে ওই সম্মেলনের মাধ্যমে জেলা শাখার নতুন নেতাদের নাম ঘোষণা করা হতে পারে। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, সম্মেলন ঘিরে আওয়ামী লীগের অনেক নিষ্ক্রিয় নেতা-কর্মী চাঙা হলেও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় তৃণমূলের মতামত উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবার এ বিষয়টি নিয়ে দলে দুটি ধারার সৃষ্টি হয়েছে। দুটি ধারা বলতে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পরিবারকে ঘিরে সৃষ্ট বলয়কে বোঝানো হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
দলটির কর্মী শেখ সেলিম কবির বলেন, ‘এই সম্মেলন দীর্ঘ অপেক্ষার ফল। আমরা চাই সম্মেলনে তৃণমূলের মতামত গুরুত্ব পাক। তবে দুঃখজনক হলেও সত্য, এখন পর্যন্ত প্রতিনিধি (ডেলিগেট) তালিকা নির্ণয় ও প্রকাশের প্রস্তুতি নেই।’দলের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতির পদ পেতে চান চারজন। তাঁরা হলেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল এবং তথ্য ও গবেষণা সম্পাদক শাহ আজিজুল হক।
সাধারণ সম্পাদক পদ পাওয়ার জন্য মাঠে আছেন কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদি, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম। এঁদের মধ্যে সৈয়দ আশফাকুল হলেন আশরাফুল ইসলামের চাচাতো ভাই। আর রেজওয়ান আহেমদ রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে।
উপজেলার কয়েকজন নেতা-কর্মী জানান, বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ এই জেলার মানুষ। আবার সৈয়দ আশরাফ সদর আসন থেকে নির্বাচন করে একাধিকবার সাংসদ ও মন্ত্রী হয়েছেন। দুই গুরুত্বপূর্ণ নেতার এই জেলায় সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৭ সালে। ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান রাষ্ট্রপতি। ৬৩ সদস্যের কমিটির ১০ জন এখন বেঁচে নেই। এ অবস্থায় দল বাঁচাতে বারবার সম্মেলনের দাবি ওঠে। কয়েক দফা তারিখ হয়ে আবার পিছিয়ে যায়। এবার রাষ্ট্রপতি ও জনপ্রশাসনমন্ত্রীর পরিবার ও গোষ্ঠীর কয়েকজনের বড় পদ পাওয়ার তৎপরতায় সম্মেলনের গুরুত্ব বেড়ে গেছে। আর এ কারণে সম্মেলন ওই দুই পরিবারের মর্যাদার বিষয় (প্রেস্টিজ ইস্যু) হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে নেতা-কর্মীরাও দুই বলয়ে ভাগ হয়ে গেছেন।
দলের কয়েকজন নেতা জানিয়েছেন, এবার নেতৃত্ব প্রতিষ্ঠায় তৃণমূলের মতো গুরুত্ব পাওয়া নিয়ে সংশয় বাড়ছে। কারণ, এখন পর্যন্ত কারা কারা ভোটার হবেন তার প্রাথমিক কাজই শুরু হয়নি। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসান বলেন, ‘ জেলার ১৪টি সাংগঠনিক থানার মধ্যে কুলিয়ারচর ও তাড়াইল ছাড়া আর কোনোটিতে সম্মেলন হয়নি। এসব কারণে ভোটার তালিকা করা যায়নি।’ যোগ্য ও কর্মিবান্ধব কমিটি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভাপতি পদপ্রত্যাশী প্রার্থী শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী সৈয়দ আশফাকুল ইসলাম ও আমিনুল ইসলাম। তবে তৃণমূলের মত প্রকাশের সুযোগ সৃষ্টি করে কমিটি করা হলে ভালো হবে বলে মনে করেন সভাপতি পদপ্রত্যাশী জিল্লুর রহমান। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রেজওয়ান আহমেদ বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে কমিটি করা গেলে ভারসাম্য থাকবে।