তৃণমূলের সর্বোচ্চ ভোট পেয়েও মনোনয়নবঞ্চিত!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী তৃণমূলের সর্বোচ্চ ভোট পেলেও দলীয় মনোনয়নের জন্য উপজেলা আওয়ামী লীগ তাঁর নাম পাঠায়নি বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্র জানায়, ১৪ ফেব্রুয়ারি বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহসভাপতি তারিক আল মামুন সর্বোচ্চ ভোট পান। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দীন আহম্মেদের পাঠানো তালিকায় সাঈদ আনসারীর নাম পাঠানো হয়।
আফাজ উদ্দীন গতকাল রোববার বলেন, সব যাচাই-বাছাই করেই সাঈদ আনসারীর নাম পাঠানো হয়েছে।
আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ময়নাল হক বলেন, ‘আমি ইউনিয়নের সভাপতি হিসেবে বর্ধিত সভা করে ভোটের মাধ্যমে তারিক আল মামুনের নাম প্রস্তাব করেছি। সাঈদ আনসারী ভোটই পাননি। তাঁর নাম কীভাবে এল, তা বোধগম্য নয়।’
তারিক আল মামুন বলেন, ‘২৫ বছর ধরে রাজনীতি করে আসছি। সাঈদ সম্প্রতি বিএনপি থেকে যুবলীগে যোগ দিয়েছে। এলাকায় তার বিএনপির সমর্থক বেশি। সে মনোনয়ন পেলে বিএনপির চেয়ারম্যান হয়ে যাবে।’