তৃতীয় গণতান্ত্রিক শক্তি ঠেকাতেই মান্নাকে গ্রেপ্তার: রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আ স ম আবদুর রব অভিযোগ করেছেন, দেশে তৃতীয় গণতান্ত্রিক শক্তির উত্থান ঠেকাতেই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে আ স ম আবদুর রব এই অভিযোগ করেন। ‘স্বাধীনতার চেতনা: গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক ঐক্য। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের নেতা-কর্মীরা দ্রুত মান্নার মুক্তি দাবি করেন। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মান্নার পক্ষে প্রচারণা চালানোরও ঘোষণা দেন।
অনুষ্ঠানে আ স ম আবদুর রব বলেন, ‘মান্না উদীয়মান জাতীয় নেতা। তাঁকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে এসেছিলাম। দুই জোটের বাইরে গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার জন্য আমরা কাজ করছিলাম। আমরা চেয়েছিলাম হরতাল-অবরোধের রাজনীতি হবে না। মানুষ পোড়ানো, গুম-ক্রসফায়ারের রাজনীতি হবে না। কিন্তু সেটি যেন হতে না পারে, সে কারণেই মান্নাকে গ্রেপ্তার করা হলো। কিন্তু তাঁর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটি মিথ্যা প্রমাণিত হবে’।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এক সময় বাংলাদেশ সুখী দেশ ছিল। কিন্তু আজ আমরা অসুখী দেশের তালিকায়। জাতিকে আজ বোবায় ধরেছে। আমরা এখন কোনো কিছুর প্রতিবাদ করছি না। কথায় কথায় রাষ্ট্রদ্রোহিতার মামলা হচ্ছে।’
সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের জ্যেষ্ঠ নেতা ফজলুল হক। আরও বক্তব্য রাখেন জাসদ-রবের সাধারণ সম্পাদক আবদুল মালেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, নাগরিক ঐক্যের নেতা আবু বকর সিদ্দিক, শহিদুল্লাহ কায়সার প্রমুখ।