তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি আদায়ে গতকাল সোমবার তৃতীয় দিনের মতো আন্দলোন চালিয়ে গেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম ‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবিতে তাঁরা এ আন্দোলন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আগের দিনের মতো শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আসার উদ্দেশ্যে হল থেকে বের হচ্ছিলেন। এ সময় শিক্ষকেরা হলগুলোর সামনে গিয়ে জোরপূর্বক ক্লাসে নিয়ে আসার চেষ্টা চালান। কিন্তু শিক্ষার্থীরা জোর করেই আন্দোলনের জন্য সমবেত হন। তবে শিক্ষকদের বাধায় ছাত্রীরা হল থেকে বের হতে পারেননি। খবর পেয়ে ছাত্ররা ছাত্রী হলের দিকে অগ্রসর হলে তাঁরাও শিক্ষকদের বাধার মুখে পড়েন। পরে শিক্ষার্থীরা দেশরত্ন শেখ হাসিনা হলের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় হলের ভেতরে প্রাধ্যক্ষসহ বেশ কয়েকজন শিক্ষক আটকা পড়েন।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে উপাচার্যসহ বেশ কয়েকজন শিক্ষক আটকাপড়া শিক্ষকদের মুক্ত করতে ওই হলের সামনে যান। কিন্তু তখন শিক্ষকদের মুক্তি দেওয়া হয়নি। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন নেতা-কর্মী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করেন।

বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ।