তৃতীয় নয়, প্রথম শক্তি হিসেবে জাতীয় ঐক্য: ড. কামাল
সংবিধানের মূলনীতির ওপর ভিত্তি করেই বিকল্প রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে চান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে। তাদের শুধু সংঘবদ্ধ করতে হবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘আমরা তৃতীয় নয়, প্রথম শক্তি হিসেবে জাতীয় ঐক্যের উদ্যোক্তা হয়ে দাঁড়িয়েছি। নেতৃত্বশূন্যতার যে কথা বলা হচ্ছে, সেটা ঠিক না। আমাদের নেতৃত্ব ঠিক আছে।’ তিনি বলেন, চুয়ান্নর যুক্তফ্রন্টের নির্বাচন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে প্রথম শক্তিই বিজয়ী হয়েছে। যেসব শক্তি জনগণের ক্ষমতা কুক্ষিগত করে রাখে, তাদের বিরুদ্ধে জনগণের শক্তিই বিজয়ী হবে। আর সেটাই প্রথম শক্তি।
ড. কামাল হোসেন আরও বলেন, সাংবিধানিক স্বাধীনতার জন্য বিচার বিভাগের স্বাধীনতা জরুরি। সংবাদপত্রের স্বাধীনতা কোনো দয়ার দান নয়, তথ্যমন্ত্রীর উপহারও নয়। এ অধিকার লাখো শহীদের আত্মদানের মাধ্যমে প্রণীত সাংবিধানিক অধিকার। সংবিধানের মূলনীতিকে ভিত্তি ধরে সব রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান ড. কামাল।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতাসীনেরা বলছে, যা হচ্ছে তা-ই সত্য। যুক্তরাষ্ট্র, জাপান, মধ্যপ্রাচ্য নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে না। তারা প্রশ্ন না তুললে সবকিছু জায়েজ হয়ে যাবে না। বাংলাদেশের মানুষ কি এ নিয়ে প্রশ্ন তুলবে না?’
জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, গণফোরামের নেতা মোস্তফা মহসীন,
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সিপিবির নেতা সাজ্জাদ জহির, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক প্রমুখ।