তৃতীয় পর্বের প্রার্থী বাছাই শুরু করেছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় পর্বের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই শুরু করেছে আওয়ামী লীগ। গতকাল বুধবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থী বাছাই শুরু হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য কাজী জাফরউল্লাহ প্রথম আলোকে বলেন, ২৮৪টি ইউপির প্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। এখনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে আগেই তাঁরা প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে রাখছেন।
তৃতীয় পর্বে প্রায় ৫০০ ইউপির নির্বাচন হওয়ার কথা। তফসিল ঘোষণা হতে পারে ১৫ মার্চ। ২২ মার্চ ৭৩৮টি ইউপিতে ভোট হচ্ছে। ৩১ মার্চ হবে আরও ৬৮৪টিতে।
ইউপি, উপজেলা ও জেলা নেতারা প্রাথমিকভাবে প্রার্থী ঠিক করে তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে পাঠান। প্রথম দুই পর্বে দেখা গেছে, তৃণমূলের নেতারা একক প্রার্থী বাছাই করলে কেন্দ্র বেশির ভাগ ক্ষেত্রেই তা অনুমোদন করে দিয়েছে। একাধিক প্রার্থী থাকলে কেন্দ্রীয় বোর্ড একজনকে বাছাই করে। এবারও একই পদ্ধতি অবলম্বন করা হবে। তবে এখনো তৃণমূল থেকে সব ইউপির সম্ভাব্য প্রার্থীর তালিকা কেন্দ্রে এসে পৌঁছায়নি।