তেল-গ্যাস কমিটির মিছিলে কাঁদানে গ্যাস

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা খোলা চিঠি ঢাকায় দেশটির হাইকমিশনে পৌঁছে দিতে গিয়ে গতকাল মঙ্গলবার পুলিশের বাধার মুখে পড়ে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল। পুলিশের কাঁদানে গ্যাস ও ধাওয়ায় মিছিলকারীদের অন্তত ১৫ জন আহত হন।
পরে বেলা তিনটার দিকে জাতীয় কমিটির একটি প্রতিনিধিদল গুলশানে ভারতীয় হাইকমিশনে গিয়ে চিঠিটি দিয়ে আসে। প্রতিনিধিদলে ছিলেন জাতীয় কমিটির নেতা বি ডি রহমতুল্লাহ, তানজীমউদ্দিন খান, রেহনুমা আহমেদ, মোশাহিদা সুলতানা, কফিল আহমেদ ও কল্লোল মোস্তফা। কল্লোল মোস্তফা বলেন, বি ডি রহমতুল্লাহ হাইকমিশনের ভেতরে গিয়ে এক কর্মকর্তার কাছে চিঠিটি পৌঁছে দেন।
মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে মালিবাগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কমিটি।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটি ও বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে লেখা খোলা চিঠিটি পাঠ করেন জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। চিঠিতে প্রকল্পটি বাতিলের আহ্বান জানানো হয়। এতে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে কী ক্ষতি হবে, সে ব্যাপারে উল্লেখ করা হয়েছে।
সমাবেশে আরও বক্তব্য দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। পরে তাঁদের নেতৃত্বে মিছিল শুরু হয়।
দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি বিজয়নগর, শান্তিনগর হয়ে গুলশানের দিকে এগিয়ে যায়। বেলা একটার পর মৌচাক মোড়ে মিছিলটি পৌঁছালে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কিছুটা ধস্তাধস্তি হওয়ার পর মিছিলকারীরা আরও সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। আহত হন অন্তত ১৫ জন।
মিছিলে বাধার প্রসঙ্গে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, মিছিলটিকে মৌচাক মার্কেটের সামনে থামতে বলা হয়। বলা হয়, তারা যেন প্রতিনিধিদল পাঠিয়ে চিঠিটি দিয়ে আসে। রাস্তা আটকে মিছিল করলে যানজটের সৃষ্টি হয়। কিন্তু তারা মালিবাগের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাবিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরোধিতা করে আসছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদীদের অনেকেই। তারা বলছে, রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের পরিবেশের ক্ষতি হবে।
জাতীয় কমিটির মিছিলে পুলিশের বাধাকে অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি তুলে ধরছি। পুলিশের এ বাধা বাড়াবাড়ি।’