তৈমুরকে মুক্তি না দিলে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে হরতাল
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে জোটের নারায়ণগঞ্জ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে। সেখানে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, তৈমুর আলম খন্দকারকে অন্যায়ভাবে আওয়ামী লীগ সরকার গ্রেপ্তার করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে তৈমুর আলম খন্দকারের মুক্তি দাবি করেন তাঁরা। অন্যথায় বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন জোটের নেতারা।
চুরি, অনধিকার প্রবেশ, হুমকিসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারকে গতকাল সোমবার বিকেলে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। তিনি জাতীয় বধির সংস্থার সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।
জাতীয় বধির সংস্থার গুদাম ভাড়া নিয়ে বিরোধের জেরে ওই মামলা করা হয় বলে সংস্থার কয়েকজন নেতা প্রথম আলোর কাছে দাবি করেন।
তৈমুর আলম বিএনপির সরকারের সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান।