তৈমুরের জামিন মঞ্জুর, হরতাল প্রত্যাহার
জেলা বিএনপির সভাপতি তৈমুর আলমের জামিন মঞ্জুর হওয়ায় আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে ২০-দলীয় জোট। তবে তৈমুরকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
তৈমুরকে মুক্তি না দিলে বৃহস্পতিবার নারায়ণগঞ্জে হরতাল
আজ সকালে নগরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে ২০-দলীয় জোট নারায়ণগঞ্জ জেলা শাখা তৈমুরের মুক্তির দাবিতে সমাবেশ করে।
সেখান থেকে তৈমুরের মুক্তির জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মাঈনুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
বিকেলে নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, ঢাকার সিএমএম আদালত থেকে তৈমুর আলম জামিনে মুক্তি পেয়েছেন। তাই বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে বুধবার বিক্ষোভ সমাবেশ করা হবে।
বিএনপি নেতা তৈমুর গ্রেপ্তার
চুরি, অনধিকার প্রবেশ, হুমকিসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারকে গতকাল সোমবার বিকেলে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজার কার্যালয় থেকে গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। তিনি জাতীয় বধির সংস্থার সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি।
জাতীয় বধির সংস্থার গুদাম ভাড়া নিয়ে বিরোধের জেরে ওই মামলা করা হয় বলে সংস্থার কয়েকজন নেতা প্রথম আলোর কাছে দাবি করেন।
তৈমুর আলম বিএনপি সরকারের সময় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়ে দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান।