তোপের মুখে ভূমিমন্ত্রী ও তাঁর জামাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় তৃণমূল নেতা-কর্মীদের তোপের মুখে পড়লেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং তাঁর জামাতা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।

গতকাল শনিবার দুপুরে ঈশ্বরদী শহরের স্টেশন সড়কে দলীয় কার্যালয়ে এ সভা হয়। আবুল কালাম আজাদ ও ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সমর্থকদের মধ্যে চলা দ্বন্দ্বের বিষয়টি সভার আলোচনায় প্রাধান্য পায়।

সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান।

সভায় বক্তারা ঈশ্বরদীতে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান।

এক নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর যুবলীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে।’

পরে ভূমিমন্ত্রী বলেন, ‘আমি সব সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে ছিলাম। এখনো আছি। যারা ঈশ্বরদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, ১৮ মে দিনের বেলা মুখে কাপড় বেঁধে দোকান-বাড়িতে ভাঙচুর করেছে, তাদের দলে রাখা হবে না।’

সভায় আওয়ামী লীগের প্রবীণ নেতা জুলহাস উদ্দিন বলেন, ইতিপূর্বে পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর সমর্থক ক্যাডাররা ঈশ্বরদীতে অনেক আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থক ও একাধিক সাংবাদিকের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে।

তবে আবুল কালাম আজাদ মিন্টু দাবি করেন, ‘১৮ মে যারা হামলা-ভাঙচুর করেছে, তা পৌরসভার সিসি ক্যামেরায় রেকর্ড আছে।’

প্রসঙ্গত, ঈশ্বরদী শহরে ১৮ মে দুটি দোকান ও দুটি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ভূমিমন্ত্রীর ছেলেসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।