তোবার শ্রমিকদের লাঠিপেটায় বিএনপির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম
মির্জা ফখরুল ইসলাম

তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা এবং অনশনরত শ্রমিকদের বের করে দেওয়ার ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই ঘটনাকে ‘অমানবিক ও ন্যক্কারজনক’ বলে অভিহিত করেন।

শ্রমিকদের বেধড়ক লাঠিপেটা ও কারখানার ভেতর থেকে শ্রমিকদের জোর করে বের করে দেওয়ার ঘটনাকে মধ্যযুগীয় অন্ধকারের সঙ্গে তুলনা করে মির্জা ফখরুল বলেন, ‘দেশে বর্তমানে বর্বরদের শাসন চলছে। আমরা কোনো সভ্য সমাজের মানুষ, এ কথা ভাবতেও ঘৃণা হচ্ছে।’ তিনি বলেন, দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো তোবার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোচ্চার। এমন অবস্থায় সরকার ন্যায্য দাবিতে অনশনরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণ করেছে। এতে প্রমাণিত হয়, এ দেশ অপরাধীদের দ্বারা পরিচালিত হচ্ছে; আইনের দ্বারা নয়।

অবিলম্বে তোবার শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানে যথাযথ উদ্যোগ নিতে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান মির্জা ফখরুল।