তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব কটি পৌরসভায় মেয়র পদে প্রার্থী দিতে না পারায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের সাংসদ ও প্রেসিডিয়াম সদস্যদের সমালোচনা করে বলেছেন, ‘জাতীয় পার্টির ৪০ জন এমপি আছে, ৪০ জন প্রেসিডিয়াম মেম্বার আছে। তারা পৌর নির্বাচনে নিজ এলাকায় একজন প্রার্থী দিতে পারে না।’
গতকাল রোববার বিকেলে কক্সবাজার জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ দলের সাংসদ ও প্রেসিডিয়াম সদস্যদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সঙ্গে জনগণের সম্পর্ক নেই, জনগণ থেকে তোমরা বিচ্ছিন্ন। পার্টির শীর্ষে, দেশের শীর্ষে বসে কীভাবে দল পরিচালনা করবে?’
পৌরসভা নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, ‘এতে বোঝা যায় যে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চায় না। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগের অবস্থা করুণ হবে।’
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাংসদ মুহাম্মদ ইলিয়াছ।