২২ মার্চ সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের প্রচারণায় বিলবোর্ড অথবা তোরণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছাড়া অন্য কারোর ছবি ব্যবহার করা যাবে না। বিলবোর্ড-তোরণ প্রদানকারীর নেতার নাম ও পদবি থাকবে। তাতে স্থানীয় কোনো নেতার ছবিও থাকবে না। গত শনিবার রাতে নগর আওয়ামী লীগের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম বলেন, সভার সিদ্ধান্ত ইতিমধ্যে নগরের বিভিন্ন ওয়ার্ড কমিটিসহ স্থানীয় নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। দলীয় অনুষ্ঠান সামনে রেখে কিছু নেতার আত্মপ্রচারণা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিনিধি সম্মেলনের নামে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের চাঁদাবাজি যাতে না হয়, সেদিকে কড়া নজরদারি রাখারও সিদ্ধান্ত হয়। চাঁদাবাজির অভিযোগ এলে আইনি ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়।
প্রায় ১৫ বছর বিরতি দিয়ে সিলেটে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন হতে যাচ্ছে। সিলেট বিভাগের চার জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ মনোনীত প্রতিনিধিদের নিয়ে এ সম্মেলন হবে। গত বৃহস্পতিবার প্রতিনিধি সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হলে নগরের কেন্দ্রস্থল আলিয়া মাদ্রাসা মাঠকে স্থান হিসেবে নির্ধারণ করা হয়। শনিবার রাতে নগর কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
নগরের তালতলা এলাকায় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় সিরাজুল ইসলাম, রাজ উদ্দিন, জি এম জেড কয়েস গাজী, ফয়জুর আনোয়ার আলাওর, জাকির হোসেন, বিজিত চৌধুরী, এ টি এম হাসান জেবুল, কিশোর কুমার কর, তপন মিত্র, শামসুল ইসলাম, ফাহিম আনোয়ার চৌধুরী, আজাদুর রহমান আজাদ, সৈয়দ শামীম আহমদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান, গোলাম সোবহান চৌধুরী দীপন, মুশফিক জায়গীরদার প্রমুখ বক্তব্য দেন।
প্রস্তুতি সভায় প্রতিনিধি সম্মেলনের প্রচারণায় বঙ্গবন্ধু ও দলীয় নেত্রীর ছবি ছাড়া স্থানীয় নেতাদের ছবিসংবলিত প্রচারণা চললে তাৎক্ষণিকভাবে অপসারণ করার পক্ষে মত দেন উপস্থিত নেতারা। এ ছাড়া চাঁদাবাজি হলে বিষয়টি সরাসরি নগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে জানালে জরুরি ভিত্তিতে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘বিভাগীয় প্রতিনিধি সম্মেলন করে নেতা-কর্মীদের আরও গতিশীল করতে হবে। সম্মেলন সফলের মাধ্যমে আগামী নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৯টিই আমরা দলীয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’