ত্বকীর নাম শুনলে হত্যাকারীরা আতঙ্কগ্রস্ত হয়: আইভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘যারা তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যা করেছে, তারা ত্বকীর নাম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে, ত্বকীর নামকে ভয় পায়। মার্চ মাস এলেই খুনিরা নানা ফন্দি-ফিকির শুরু করে, কীভাবে ত্বকী মঞ্চের কর্মসূচি আটকানো যায়। ষড়যন্ত্র করে বিচার আটকানোর চেষ্টা করছে।’

আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ত্বকী হত্যার তিন বছর উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। আজ অনুষ্ঠানের সমাপনী দিনে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
সেলিনা হায়াৎ আইভী বলেন, এই ত্বকী মঞ্চ সন্ত্রাসীদের বিরুদ্ধে গোটা নারায়ণগঞ্জবাসীকে এক করেছে। যাঁরা নিজ স্বজন হত্যার প্রতিবাদ করতে পারেননি, কথা বলতে পারেননি, আজ তাঁরা ত্বকী মঞ্চের হয়ে কথা বলে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র বলেন, শুধু নারায়ণগঞ্জ নয়, দেশ নয়, বিশ্বের সব দেশে ‘ত্বকী’ নাম সুপরিচিত। বিশ্বের বিভিন্ন স্থানে প্রবাসী বাঙালিদের মধ্যে এমন কেউ নেই, যাঁরা ত্বকীর নামটি জানেন না। আজ সেই ত্বকীর হত্যাকাণ্ড দিবস। অনেক ষড়যন্ত্র করেও ত্বকীর স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি বন্ধ করতে পারেনি। নারায়ণগঞ্জের মানুষ এখন অনেক কিছুতেই ভয় পায় না। রক্তচক্ষুকে ভয় পায় না।
মেয়র বলেন, ‘ত্বকী হত্যার বিচার চাইতে গিয়ে তার বাবা রফিউর রাব্বীকে জিহ্বা কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা কখনো পায়ের তলা থেকে মাটি কেড়ে নেয়, কখনো জিহ্বা কেটে নেয়, কলিজা ছিঁড়ে নেয়, পা কেটে নেয়। এত হুমকি-ধমকির পরও ত্বকী মঞ্চ এতটুকু পিছপা হয়নি। ত্বকী হত্যার বিচারে আমরাও সহযাত্রী। যত দিন এই হত্যাকাণ্ডের বিচার না হবে, তত দিন আমরা ত্বকীর পিতার পাশে থাকব। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলব, শান্তির জন্য কথা বলব।’
অনুষ্ঠানে বিশিষ্ট কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য বলেন, ‘আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত শিশুরা যে যন্ত্রণা নিয়ে ছবি আঁকতে বসেছিল, তা শুধুই ত্বকীর জন্য। আজ কোনো শোকের দিন নয়। আজ আনন্দের দিন। ত্বকী এখন শক্তিতে পরিণত হয়েছে। আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারাই একদিন মেধাবী শক্তিতে পরিণত হবে।’
নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, ত্বকী হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে বেসরকারি টিভি চ্যানেলগুলোর সংবাদে ত্বকীকে নিয়ে প্রচারিত প্রতিবেদন যাতে নারায়ণগঞ্জের মানুষ দেখতে না পারে, সে জন্য ঘাতকেরা কেবল অপারেটরদের বাধ্য করেছিল সম্প্রচার বন্ধ রাখতে।
রফিউর রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের প্রধান শিল্প নির্দেশক জাহিদ মোস্তফা, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম ও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ৫০টি স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে বিজয়ী মোট ১৯ জনকে পুরস্কার তুলে দেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে স্মারক পুরস্কার দেওয়া হয়।