ত্রাণ নিয়ে ছিনিমিনি হলে খবর আছে: মায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ নিয়ে যেন কোনোভাবেই ছিনিমিনি না হয়। তা হলে ‘খবর আছে’ বলে হুঁশিয়ার করেন তিনি। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী বলেন, যার পাওয়া দরকার, তাকেই ত্রাণ দেওয়া হবে। একজনকেও বাদ দেওয়া হবে না। বন্যার্ত মানুষের ত্রাণ না পাওয়া-সংক্রান্ত বিএনপির চেয়ারপারসনের অভিযোগ নাকচ করে তিনি বলেন, ‘বন্যাদুর্গত জেলাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের কোনো অভাব নেই। ক্ষতিগ্রস্ত সবাই রিলিফ চায় না। যাদের রিলিফ প্রয়োজন, তাদের আমরা দেব। অন্যদের কৃষিঋণসহ অন্যান্য পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।’
এ সময় ত্রাণমন্ত্রী আরও বলেন, বন্যার পানি নেমে যাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত চূড়ান্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়িঘর পুনর্নির্মাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণসহ অন্যান্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।
মধ্য আগস্টে আরও একটি বড় বন্যার পূর্বাভাস রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সেটির জন্যও আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের খাদ্যের কোনো অভাব নেই। পর্যাপ্ত চাল ও টাকা রয়েছে। আমরা সেটা দিয়েই বন্যা মোকাবিলা করতে পারব।’
এদিন উপজেলার বলদমারী ঘাটে বানভাসি মানুষের মধ্যে ২০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করেন মন্ত্রী। এ সময় মন্ত্রী জানান, রৌমারী উপজেলার ছয় ইউনিয়নের বানভাসিদের মধ্যে ১৮৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ১০০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তাৎক্ষণিকভাবে। এ ছাড়া নদীভাঙা গৃহহীন মানুষের জন্য ২০০ বান্ডিল ঢেউটিন ও ছয় লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি।

দুর্যোগের সময় একটি মানুষও যেন খাবার কষ্ট না পায়, সে জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আওয়ামী লীগের দলীয় ত্রাণ বিতরণ ও মনিটরিংয়ের অংশ হিসেবে আজ বুধবার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

বিকেলে তিনি রাজীবপুরের কোদালকাটি ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এর আগে মঙ্গলবারও এ প্রতিনিধিদলটি নাগেশ্বরীর বেরুবাড়ী, বল্লভের খাস, নুনখাওয়া, চিলমারী ও রাজীবপুর উপজেলার কোদালকাটিসহ কয়েকটি এলাকায় দলের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুত আছে, যা আপনাদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।’ পরে তিনি রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে ৭০০ বন্যার্ত মানুষের মধ্যে এবং চিলমারী ইউনিয়ন পরিষদে ৭০০ বন্যার্ত মানুষের মধ্যে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন।