নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাটোর-২ (সদর) আসনের সাংসদ শফিকুল ইসলাম। গত মঙ্গলবার ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টার দিকে ফল ঘোষণা করা হয়।
মঙ্গলবার বিলুপ্ত হওয়া নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম জানান, সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে রাতে শহরের গণগ্রন্থাগারে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে রাত সাড়ে ১০টায় ফল ঘোষণা করেন দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. নাসিম।
এর আগে দুপুর ১২টায় শহরের কানাইখালী মাঠে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা সাজেদুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী, জাহাঙ্গীর কবির নানক, কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান, আখতারুজ্জামান, মির্জা আজম, জুনাইদ আহমেদ, সাংসদ আব্দুল কুদ্দুস, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম এবং সাবেক যুব-ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় মো. নাসিম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় এলে দেশটা জাহান্নাম হয়ে যাবে। দেশ থেকে শান্তি, সমৃদ্ধি পালাবে। তিনি ক্ষমতায় থাকাকালে নাটোর-রাজশাহীতে বাংলা ভাইয়ের রাজত্ব কায়েম হয়েছিল। তারা মানুষকে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যা করেছে।